বেঙ্গালুরু: ঘাড়ের চোট সারিয়ে মেন ইন ব্লু-তে ফেরার অপেক্ষা। সেই লক্ষ্যে রিহ্যাব শুরু করে দিলেন শুভমান গিল। গুয়াহাটি থেকে ফিরে মুম্বইয়ে গত কয়েকদিন ফিজিওর তত্ত্বাবধানে চিকিৎসা করাচ্ছিলেন। সোমবার বেঙ্গালুরুস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে (সিওই) শুরু করলেন চূড়ান্ত পর্বের রিহ্যাব।
৯ ডিসেম্বর কটকের বারাবাটি স্টেডিয়ামে টি২০ সিরিজের প্রথম ম্যাচ। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক চললে কটক থেকেই হয়তো নীল জার্সিতে প্রত্যাবর্তন ঘটবে শুভমানের। মাঠে ফেরার প্রক্রিয়ায় রীতিমতো ঘাম ঝরাচ্ছেন। আপাতত কয়েকদিন যা চলবে বেঙ্গালুরুস্থিত সিওই-তে। ফিটনেস নিয়ে সবুজ সংকেত মিললে ৬-৭ ডিসেম্বর কটকে দলের সঙ্গে যোগ দেবেন।
ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়েন শুভমান। আইসিইউ-তে পর্যন্ত ভর্তি হতে হয়। দলের সঙ্গে গুয়াহাটিতে গেলেও শেষপর্যন্ত দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ফিরে আসেন। মাঝের কয়েকদিনে চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন শুভমান। ওডিআই সিরিজে না থাকলেও টি২০ সিরিজে ফেরার সম্ভাবনা প্রবল।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদিও তাড়াহুড়োয় নারাজ। এক শীর্ষ আধিকারিকের দাবি, সিওই-তে রিহ্যাব চলাকালীন সেখানকার স্পোর্টস সায়েন্স টিম শুভমানের ফিটনেসের হাল খতিয়ে দেখবেন। স্কিল ট্রেনিংয়ে গিলের মুভমেন্টের বিষয়টি খুঁটিয়ে দেখা হবে। যদি ন্যূনতম অস্বস্তি থাকে, প্রত্যাবর্তন প্রক্রিয়া দীর্ঘ হবে। এখন দেখার, টি২০ সিরিজের দল নির্বাচনি বৈঠকে বসার আগে শুভমানের ফিটনেস নিয়ে ছাড়পত্র আসে কি না।

