তমালিকা দে, শিলিগুড়ি: ক্যাব ও বাইকের পর এবার অ্যাম্বুল্যান্স (Ambulance) পরিষেবাও মিলবে যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে। কলকাতার (Kolkata) পর শিলিগুড়ি (Siliguri) শহরে পরিষেবা চালুর এক মাসের মধ্যেই শহরের প্রায় ১৮০০ ক্যাব রেজিস্ট্রেশন করেছে। শুধু ক্যাব নয়, বাইকের পরিষেবাও পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে।
অল বেঙ্গল বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়নের তরফে শহরে তিনদিনব্যাপী এই অ্যাপে বাইক ট্যাক্সি অন্তর্ভুক্তিকরণের শিবির হয়েছিল। শুক্রবার পানিট্যাঙ্কি মোড়ে শেষ দিনের শিবিরে প্রায় ২০ জন রেজিস্ট্রেশন করিয়েছেন বলে ইউনিয়নের তরফে জানানো হয়েছে। সংগঠনটির সম্পাদক দেবু শা বলছেন, ‘যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে যাত্রীদের পাশাপাশি চালকদেরও খুব সুবিধা হয়েছে। ক্যাবের পাশাপাশি বাইক অন্তর্ভুক্ত থাকায় কেউ যদি একা যেতে চান তাঁরও সুবিধা হল।’


যাত্রী ও চালক উভয়ের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকারের উদ্যোগে এই অ্যাপ চালু করা হয়েছে। ভাড়ার ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকায় ইতিমধ্যে কলকাতায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সরকারি এই পরিষেবা। শিলিগুড়িতেও এক মাসে এই অ্যাপের মাধ্যমে বুকিং হয়েছে ভালোই। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে। তবে শুধু ক্যাব ও বাইক নয়, সাধারণ মানুষের সুবিধার জন্য এবার অ্যাম্বুল্যান্সও এই অ্যাপে যুক্ত হয়েছে। রাতবিরেতে প্রয়োজনে এই অ্যাপের মাধ্যমে অ্যাম্বুল্যান্স বুক করা যাবে।
শহরে এই প্রথম কোনও অ্যাপে অ্যাম্বুল্যান্স পরিষেবা যুক্ত হল। ফলে অ্যাম্বুল্যান্সের নম্বরের জন্য হন্যে হয়ে একে ওকে ফোন করার দিন ফুরোল বলে মনে করছেন শহরবাসীর একাংশ। অ্যাপের অপারেশন হেড রাজদীপ দত্ত বলছেন, ‘অ্যাম্বুল্যান্সের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছিলাম। এখন একই অ্যাপ থেকে ক্যাব, বাইক ও অ্যাম্বুল্যান্স বুক করা যাবে।’
পুলিশের তরফে এই অ্যাপের কথা সাধারণ যাত্রী ও চালকদের জানানো হচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় হোর্ডিং টাঙিয়ে প্রচারও শুরু হয়েছে। শহরের বাইরে যাওয়ার ক্ষেত্রে অনেকেই এই সুবিধা নিচ্ছেন। বাইক ও অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হলে অ্যাপটির জনপ্রিয়তা আরও বাড়বে বলে আশাবাদী অ্যাপকর্তা।

