শিলিগুড়ি: রাজনীতির ময়দানে লড়াইটা ছিল দীর্ঘদিনের। কখনও মিথ্যা মামলার হুলিয়া, কখনও বা জীবিকার একমাত্র মাধ্যম টোটো ভাঙচুর— বারবার রাজনৈতিক রোষের মুখে পড়তে হয়েছে শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়কে। তবে ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় সাফল্যের পর এবার নিজের আধ্যাত্মিক অঙ্গীকার পূরণ করলেন তিনি (Siliguri BJP Worker Manot)।
পেশায় টোটোচালক বিশ্বজিৎবাবু বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। তাঁর অভিযোগ, তৃণমূল জমানায় তাঁর বিরুদ্ধে ১৪টি মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল এবং বাড়িতেও হামলা চালানো হয়েছিল। সেই সময় তিনি মহাদেবকে সাক্ষী রেখে মানত করেছিলেন যে, যদি বিজেপি বাংলায় ক্ষমতায় আসে এবং তৃণমূল পরাজিত হয়, তবে তিনি দণ্ডি কেটে শিবের মাথায় জল ঢালবেন।


মঙ্গলবার দুপুরে সেই কথা রাখলেন তিনি। প্রখর রোদ উপেক্ষা করে স্ত্রী, কন্যা ও দলীয় সতীর্থদের সঙ্গে নিয়ে বাড়ি থেকে দণ্ডি কেটে স্থানীয় শিবমন্দিরে পৌঁছান তিনি। উপোস থেকে শাস্ত্রীয় নিয়ম মেনে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। বিশ্বজিৎবাবুর কথায়, “বাংলায় শান্তি ফিরুক, মহিলারা সুরক্ষিত থাকুক এবং যুবকদের কর্মসংস্থান হোক— নতুন সরকারের কাছে এটাই আমার চাওয়া।” ভক্তিনগর এলাকার সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা এদিন তাঁর এই নিষ্ঠা দেখে রীতিমতো আপ্লুত হন।

