শিলিগুড়ি: অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিংগামী (Darjeeling) ১১০ নম্বর জাতীয় সড়ক (NH 110 Closed)। রবিবার পূর্ত দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত ঠাকুর তিনধারিয়া-গয়াবাড়ি-মহাননী এলাকায় জাতীয় সড়কের অবস্থা খতিয়ে দেখার পরই জেলাশাসক এই সিদ্ধান্তের কথা জানিয়ে নোটিশ জারি করেছেন। নোটিশে বলা হয়েছে, ১১০ নম্বর জাতীয় সড়ক সমস্ত রকম যানবাহনের জন্য আপাতত বন্ধ থাকবে। সুকনার দিকে তিনধারিয়া এলাকায় ও কার্শিয়াংয়ের দিকে মহানদী এলাকায় যে জনপদ রয়েছে সেখানকার বাসিন্দাদের একমাত্র সতর্কতার সঙ্গে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan Railway) কর্তৃপক্ষকেও তাদের লাইনের পরিস্থিতি খতিয়ে দেখে টয়ট্রেন (Toy Train) চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ টয়ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ থাকবে বলে নোটিশে বলা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে গয়াবাড়ি, মহানদী, তিনধারিয়া, রংটং সহ একাধিক এলাকায় লাগাতার ধস (Landslide) নেমেছে। টয়ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয় ৫ জুলাই থেকেই। সরকারিভাবে ৭ তারিখ পর্যন্ত পরিষেবা বন্ধের কথা ঘোষণা করে ডিএইচআর। কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে, সব জায়গা থেকে এখনও ধস সরানো সম্ভব হয়নি। তাছাড়া টানা বৃষ্টির জেরে রেলকর্মীদের কাজে ব্যাঘাত ঘটেছে। এখন পরিস্থিতি যা তাতে অনির্দিষ্টকালের জন্যই টয়ট্রেন পরিষেবা বন্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে।

