সাগর বাগচী,শিলিগুড়ি: রাজ্যে ক্ষমতার রদবদলের আবহে এবার উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি (Siliguri)। শহরের ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এমনকি সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, মঙ্গলবার একদল দুষ্কৃতী ওই পার্টি অফিসে চড়াও হয়। কার্যালয়ের ভেতরে থাকা আলমারি, ফ্যান এবং টেলিভিশন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বাদ যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও— সেটিও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। ভাঙচুরের পর কার্যালয়ের দেওয়ালে বিজেপির দলীয় পতাকা টাঙিয়ে দেওয়া হয়। তৃণমূলের (TMC) পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হলেও প্রাথমিক পর্যায়ে কোনও কাজ হয়নি বলে দাবি। পরে অবশ্য বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে এসে দলীয় পতাকাগুলি খুলে নেয়।


অপরদিকে এদিন শহরের ৩৪ নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জির নামাঙ্কিত ‘মমতা মন্দির’ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি সেটির নাম বদলে ‘রাম ভবন’ রাখার পাশাপাশি পালটে দেওয়া হয়েছে রঙও। ঘটনা ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই এনজেপি থানার পুলিশ এলাকায় পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

