শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ি শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে (CM Mamata Banerjee Rally)। এই কর্মসূচিকে ঘিরে যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয় এবং নিরাপত্তা বজায় থাকে, তার জন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন রুটে বাস, ম্যাক্সিক্যাব এবং পণ্যবাহী ট্রাক চলাচলে বিধিনিষেধ থাকবে।
বাস ও ছোট গাড়ির জন্য নির্দেশিকা:


- সকাল ১১টার পর: ফাঁসিদেওয়া আন্ডারপাস থেকে দার্জিলিং মোড়ের দিকে কোনও বাস আসতে পারবে না। সমস্ত বাস ফাঁসিদেওয়া আন্ডারপাস থেকে ডাইভার্ট করে নৌকাঘাট মোড়ের দিকে পাঠানো হবে।
- জলপাই মোড় থেকে নৌকাঘাট মোড় পর্যন্ত সমস্ত ধরনের বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
- দার্জিলিং মোড় থেকে জংশনগামী সমস্ত ম্যাক্সিক্যাব পরিষেবা সকাল ১১টার পর বন্ধ করে দেওয়া হবে।
পণ্যবাহী ট্রাক ও ভারী গাড়ির রুট ডাইভারশন (দুপুর ১২টা থেকে রাত ৯টা):
- গ্যাংটক, কালিম্পং ও ডুয়ার্স থেকে বিধাননগরগামী ট্রাক: এই ট্রাকগুলিকে ইস্টার্ন বাইপাস, ফুলবাড়ি ও ঘোষপুকুর হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে যেতে হবে।
- বিধাননগর থেকে উত্তরমুখী ট্রাক: গ্যাংটক বা কালিম্পংগামী ট্রাকগুলিকে ঘোষপুকুর, ফুলবাড়ি ও ইস্টার্ন বাইপাস হয়ে সালুগাড়া দিয়ে যাতায়াত করতে হবে।
- জলপাইগুড়ি থেকে রায়গঞ্জগামী ট্রাক: এই রুটের ট্রাকগুলিকে ফুলবাড়ি ও ঘোষপুকুর হয়ে ডাইভার্ট করা হবে।
ভারী ও অতিভারী গাড়ির ওপর নিষেধাজ্ঞা: বুধবার দুপুর ১২টা থেকে শহরের মূল রাস্তাগুলোতে ভারী ও অতিভারী পণ্যবাহী গাড়ি চলাচলের ওপর বিশেষ বিধিনিষেধ জারি থাকবে। পদযাত্রা চলাকালীন মূল শহর এলাকায় যানজট এড়াতে সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার পদযাত্রা শেষ না হওয়া পর্যন্ত এই ট্রাফিক পরিকল্পনা কার্যকর থাকবে। শিলিগুড়ির জংশন, দার্জিলিং মোড় ও হিলকার্ট রোড এলাকায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী।

