উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের কন্ঠের মাধ্যমে দেশবাসীর মন আগেই জয় করেছেন গায়িকা পলক মুচ্ছল (Palak Muchhal)। আর এবার মানবসেবার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড (Guinness Book of World Records) এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ (Limca Book of Records) তাঁর নাম জায়গা পেল। পলক তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তিন হাজারেরও বেশি দুস্থ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করেছেন। আর সে কারণেই এবার আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেলেন তিনি।
খুব অল্প বয়সেই মানবসেবা শুরু করেছিলেন পলক। মাত্র ৭ বছর বয়সে কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন। এমনকি ওডিশায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদেরও ত্রাণ পাঠিয়ে সাহায্য করেছিলেন। ছোটবেলায় এক ট্রেনসফরই পলকের জীবনের গতিপথ বদলে দিয়েছিল। সেই সময় বেশ কিছু দুস্থ শিশুদের মুখোমুখি হওয়ার পর নিজেকেই নিজে নীরবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, একদিন এই দুস্থ শিশুদের সেবায় নিয়োজিত করবেন নিজেকে। বহু বছর পর নিজের স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলেন তিনি। এখন তাঁর প্রত্যেকটি কনসার্ট থেকে করা উপার্জনই দুস্থ শিশুদের হার্ট সার্জারির জন্য দেওয়া হয়। এখনও পর্যন্ত ৩,৮০০ দুস্থ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করেছে পলকের স্বেচ্ছাসেবী সংস্থা।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত বহু হিট গান দর্শকদের উপহার দিয়েছেন পলক। তাঁর সংগীতজীবন ঊর্ধ্বমুখী হলেও তিনি তাঁর উপার্জন সবর্দা নিজের স্বেচ্ছাসেবী সংস্থার জন্য উৎসর্গ করেছেন। আর পলকের এই গিনেস রেকর্ড মানবিক কাজের প্রতি তাঁর অটল নিষ্ঠারই প্রমাণ দিল।

