প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে দানা বাঁধা অসন্তোষের আঁচ এবার পৌঁছাল রেল লাইনে। নিঃশর্তভাবে সমস্ত ভারতীয় নাগরিকের নাম SIR (Standard Identification Record) তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকা। শুক্রবার সকালে জাতীয় পতাকা হাতে নিয়ে পারুলডাঙ্গা রেলগেটে রেল অবরোধে শামিল হন কয়েকশ স্থানীয় বাসিন্দা।
বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানি ও হেনস্তা করা হচ্ছে। তাঁদের দাবিগুলো হলো, কোনো শর্ত ছাড়াই প্রতিটি ভারতীয় নাগরিকের নাম ‘SIR’ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। যাঁদের নাম ইতিপূর্বেই ভোটার তালিকায় রয়েছে, তাঁদের নাম অপরিবর্তিত রাখতে হবে।শুনানি বা হিয়ারিং-এর নামে দূর-দূরান্তে ডেকে হয়রানি বন্ধ করতে হবে। প্রয়োজনীয় শুনানি সংশ্লিষ্ট ব্যক্তির নিজের এলাকাতেই করতে হবে।
শুক্রবার সকাল থেকেই বিক্ষোভকারীরা পারুলডাঙ্গা রেলগেটে জমায়েত হতে শুরু করেন। একসময় তাঁরা রেললাইনের ওপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এর জেরে সকাল ৭টা ৫০ মিনিট থেকে ৮টা ০২ মিনিট পর্যন্ত ডাউন হাওড়া-কাটোয়া লোকাল ট্রেনটি আটকে পড়ে। অফিসের ব্যস্ত সময়ে হঠাৎ ট্রেন দাঁড়িয়ে পড়ায় চূড়ান্ত দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালনা জিআরপি (GRP) ও আরপিএফ (RPF) বাহিনী। পুলিশ ও রেল আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস মেলায় সকাল ৮টা ২ মিনিট নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। এরপর হাওড়া-কাটোয়া শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

