উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম শফিকুল মণ্ডল (৫৭)। পরিবারের লোকেদের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) নিয়ে আতঙ্কের জেরে ওই প্রৌঢ় বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। বুধবার ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে বাদুড়িয়ার যদুরহাটি এলাকায়।
শফিকুলের পরিবারের লোকেদের দাবি, কয়েক পুরুষ ধরে তাঁরা বাদুড়িয়ার বাসিন্দা। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে শফিকুল দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরিচয়পত্রে যে বয়স দেওয়া হয়েছে, তার ব্যবধান প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে কম। কীভাবে ওই ভুল সংশোধন করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না শফিকুল। কয়েক দিন ধরে ঠিকমতো খাওয়াদাওয়াও করছিলেন না ওই প্রৌঢ়। পুত্র রুহুল আমিন মণ্ডল বলেছেন, ‘পাঁচ-ছ’দিন খাওয়াদাওয়া করেননি বাবা। অনেকেই বাবাকে বলছিলেন, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। তার পর থেকে উনি চিন্তিত হয়ে পড়েন।’
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার বাড়ির কাছাকাছি একটি নির্জন জায়গায় গিয়ে বিষ খান শফিকুল। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সবদিক খতিয়ে দেখছে।

