উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) (SIR) শুরু হতেই অনেকের দেশ থেকে বাংলাদেশে (Bangladesh) ফিরে যাওয়ার খবর সামনে আসছে। সেকারণে ভারত-বাংলাদেশের বিভিন্ন সীমান্তে আনাগোনা বাড়ছে বাংলাদেশিদের। তার মধ্যে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তও রয়েছে। জানা গিয়েছে, শ’য়ে-শ’য়ে মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে যেতে শুরু করেছেন। এরা দীর্ঘদিন অবৈধভাবে এদেশে ঢুকে বিভিন্ন এলাকায় থাকছিলেন। বিভিন্ন নথিপত্রও বানিয়ে নিয়েছিলেন অনেকে। সেই খবর করতে গিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কয়েকজন কর্মীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এনিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
হাকিমপুর সীমান্ত দিয়ে এদেশ থেকে বাংলাদেশে ফিরছেন অনেকে। গত প্রায় দু’সপ্তাহেরও বেশি সময় ধরে সংখ্যাটা আরও বেড়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে প্রায় ২০০ জন বাংলাদেশি জড়ো হয়েছিলেন হাকিমপুর সীমান্তের কাছে। অপেক্ষা ছিল সীমান্তের দরজা খোলার। স্থানীয়দের দাবি, একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে হাকিমপুর চেকপোস্ট (Hakimpur Check Post) দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। গত কয়েকদিন ধরেই শান্তিপূর্ণভাবে এই কাজ চলছে।
এদিকে এদিন সেই খবর করতে গিয়ে কিছু সংবাদমাধ্যম উসকানিমূলক মন্তব্য করে বলে স্থানীয়দের দাবি। তাঁরা বলেন, ‘আমাদের এখানে কোনও রোহিঙ্গা নেই।’ সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে বচসায়ও জড়ান তাঁরা। অভিযোগ, সংবাদমাধ্যমের কর্মীদের উপর চড়াও হন কয়েকজন স্থানীয় বাসিন্দা। মারধরের অভিযোগও ওঠে। অভিযোগ, সংবাদমাধ্যমের কয়েকটি গাড়িতে হামলা চালানো হয়। ঘটনার পর থেকে এলাকা থমথমে রয়েছে। তবে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী না থাকেন, তাহলে বাংলাদেশে যাওয়ার জন্য কারা সীমান্তে জড়ো হয়েছেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

