মুম্বই: ৭-৮ বছরের বন্ধুত্ব। সেখান থেকে প্রেম এবং বিয়ের ঘোষণা। সোনাক্ষী সিনহা(Sonakshi Sinha) ও তাঁর প্রেমিক জাহির ইকবালের(Zaheer Iqbal) বিয়ের খবর বর্তমানে বলিউডের হট টপিক। তাঁদের বিয়ের খবর সামনে আসতেই একটি বিতর্ক সামান্য মাথাচাড়া দিয়েছিল, তা হল বিয়ের পর সোনাক্ষী সিনহা কি হিন্দু থাকবেন? নাকি তাঁকে ধর্মান্তরিত হতে হবে এই প্রশ্ন সর্বত্র ঘুরে বেড়াচ্ছিল। এ বিষয়ে জাহির ইকবালের বাবা ইকবাল রতনসিকে বলেন, ‘জাহির ও সোনাক্ষীর বিয়ে হবে মূলত আইন মেনে। আইনি বিয়ে। তবে সোনাক্ষী সিনহাকে ধর্মান্তরিত হতে হবে না। ২৩ জুলাই তাঁদের আইনি মতে বিয়ে হবে। তাই এখানে ধর্মের কোনও ভূমিকা নেই।‘
জাহির ইকবালের বাবা ইকবাল রতনসির এই মন্তব্যের পর কোথাও কোথাও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ মনে করেছেন মুসলিম ধর্ম সম্প্রদায়ের চিরাচরিত রীতি মেনে পাত্রের স্ত্রী হিসেবে পাত্রীকেও প্রথমোক্ত ধর্মমত মেনে নেওয়া উচিত। সোনাক্ষী এবং জাহির ইকবাল সেই মতামত না মেনে কিছুটা সমাজের বিশ্বাস ভঙ্গ করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, ২০২৪ সালের ২৩ জুন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল নিজেদের বন্ধুত্বের বিশেষ সম্পর্ককে পরিণয়ের সূত্রে পরিণতি দিতে গিয়ে যে পদ্ধতি অবলম্বন করলেন, তাতে প্রগতিশীল মনন, মানসিকতা ও আধুনিকতার ছোঁয়া আছে। এই চাপা কানাঘুষোকে ছাপিয়ে রবিবার বিকেলে মুম্বইয়ের বান্দ্রায় ইকবাল রতনসির বাড়িতে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের আইনি বিয়ে হতে চলেছে। সেই অনুষ্ঠানে দুপক্ষের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা উপস্থিত থাকবেন।



