উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকা নিয়ে বড় আকারে বৈঠক করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ২৭ ফেব্রুয়ারি ভোটার তালিকা নিয়ে নেতাজী ইন্ডোরের সভা থেকে একটি কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুব্রত বকশির নেতৃত্বে সেই কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৫। ইতিমধ্যে প্রথম বৈঠকও করে ফেলে কমিটি। সেই বৈঠকে যদিও উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তখনই জানা যায় পরে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। কিন্তু সেই বৈঠকে ভোটার তালিকা (Voters list) সংক্রান্ত কমিটির ৩৫ জন সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং সাংগঠনিক জেলার চেয়ারম্যানেরা। পরে সেই তালিকায় যুক্ত করা হয় কলকাতা পুরসভার কাউন্সিলরদের। কিন্তু দোলের আগের দিন জানা গেল, তৃণমূলের পুরো রাজ্য কমিটি, সমস্ত বিধায়ক এবং সাংসদকেও ওই ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশিই থাকতে বলা হয়েছে জেলা পরিষদের সভাপতি, পুরসভার চেয়ারম্যান এবং পুরনিগম এলাকার কাউন্সিলরদেরও। এত বৃহৎ আকারে অভিষেক বৈঠক ডাকায় তৃণমূলের অন্দরে জল্পনা শুরু হয়েছে।
আগে যেখানে একটা কমিটি কাজ করছে সেখানে এত বড় আকারে বৈঠক করার কারণ কি তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু ভোটার তালিকা স্ক্রুটিনি সংক্রান্ত কাজ খতিয়ে দেখে দিশা ঠিক করাই নয়, আরও বড় কিছু বার্তা দিতে পারেন অভিষেক এমনটাই মনে করছে দলের একাংশ।


গত বৃহস্পতিবার বিকালে তৃণমূল ভবনে ভোটার তালিকা সংক্রান্ত কমিটি বৈঠক করার পরেই ঘোষণা করা হয়েছিল, জেলাভিত্তিক কোর কমিটি স্ক্রুটিনির কাজ তদারকি করবে। সেই কমিটি গঠনও করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই কমিটি গঠন পরে স্থগিত হয়ে যায়। কেন জেলা ভিত্তিক কমিটি স্থগিত হয়ে গিয়েছিল সেই প্রশ্নেরও উত্তর অজানা। আপাতত তাই শনিবারের বৈঠক নিয়ে উৎকন্ঠার পারদ চড়ছে।

