গাজোল: রুপোলি পর্দার প্রিয় নায়িকাকে ঘরের দরজায় দেখা যাবে, তা হয়তো ভাবতে পারেননি মালদার (Malda) গাজোলের (Gazole) জনগণ। বৃহস্পতিবার সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আহিল এলাকায় তৃণমূল প্রার্থীর সমর্থনে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) উপস্থিতি ঘিরে তৈরি হলো তুমুল উন্মাদনা। প্রিয় তারকাকে একঝলক দেখতে এবং তাঁর সঙ্গে সেলফি তুলতে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এদিন বিকেল ৪টেয় সভা হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই মাঠ ভরিয়েছিলেন শয়ে শয়ে মহিলা। অভিনেত্রী পৌঁছানো মাত্রই উলুধ্বনি ও পুষ্পবৃষ্টিতে তাঁকে বরণ করে নেওয়া হয়। বাউন্সারদের নিরাপত্তা বলয় পেরিয়ে মঞ্চে উঠে শ্রাবন্তী সরাসরি সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, “এত বড় জনপদে মহিলাদের জন্য আলাদা কলেজ নেই, নেই কোনো দমকল কেন্দ্র! আপনারা কীভাবে সুরক্ষিত থাকবেন, সেই সিদ্ধান্ত এবার আপনাদেরই নিতে হবে।”


তৃণমূল কংগ্রেসের (TMC) ঝকঝকে ও শিক্ষিত তরুণ প্রার্থী প্রসেনজিতের প্রশংসা করে শ্রাবন্তী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মাটির মানুষ আমি দেখিনি। তাঁর পছন্দ করা এই প্রার্থী জয়ী হলে এলাকার চেহারা বদলে দেবে। প্রসেনজিৎ কী কী কাজ করতে চায়, তা আমি নিজে ওর মুখ থেকে শুনেছি। আমি কথা দিচ্ছি, ভোট মিটে গেলে আমি আবার এসে দেখে যাব প্রসেনজিৎ ঠিকমতো কাজ করছে কি না।”
আহিলের সভা শেষ করে বিকেল সাড়ে ৫টা নাগাদ শ্রাবন্তী রওনা হন করকচ গ্রাম পঞ্চায়েতের নওগ্রাম ফুটবল ময়দানের জনসভার উদ্দেশ্যে। এদিন তাঁর শেষ কর্মসূচি ছিল গাজোল শহর সংলগ্ন তুলসীডাঙ্গা গ্যাস গোডাউন সংলগ্ন মাঠে। প্রতিটি সভাতেই সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো।

