উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএল ২০২৬-এ কেকেআর-এর ভরাডুবির জন্য এবার রিঙ্কু সিং-এর দিকে আঙুল তুললেন প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারী শ্রীকান্ত (Srikkanth on Rinku Singh)। গত দুই মরশুম ধরে রিঙ্কুর ব্যাটে ধারাবাহিকতার অভাব এবং তাঁর খেলার ধরন নিয়ে রীতিমতো ‘পোস্টমর্টেম’ করলেন তিনি। শ্রীকান্তের মতে, রিঙ্কুকে ভুল জায়গায় খেলিয়ে নিজেদের বিপদ বাড়িয়ে তুলছে কেকেআর ম্যানেজমেন্ট।
একটি ক্রিকেট টক-শো-তে রিঙ্কু প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রীকান্ত বলেন, “আমরা এখনও সেই পাঁচ ছক্কার গল্প বলে যাই, ওটা এখন ইতিহাস। রিঙ্কু মূলত স্ট্রাইক রোটেট করতে পছন্দ করে, কিন্তু যখনই আস্কিং রেট ১০-১২ ছাড়িয়ে যায়, ও চাপে পড়ে যায়। ও বড় শট খেলার ব্যাটারই নয়।” শ্রীকান্ত সাফ জানিয়ে দিয়েছেন যে, রিঙ্কু সিং ৫ নম্বর পজিশনে খেলার জন্য উপযুক্ত নন।


প্রাক্তন এই মারকুটে ওপেনারের মতে, রিঙ্কুকে ফিনিশার হিসেবেই ব্যবহার করা উচিত। তিনি বলেন, “রিঙ্কু সাত নম্বরে খেলার জন্য একদম ঠিক। যখন ৫ ওভারে ৫০ রান দরকার, তখন ও হয়তো কাজে আসতে পারে। যেভাবে ওকে ইনিংস গড়ার দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা ওর ধাতে নেই।” ভারতীয় জাতীয় দলের হয়ে রিঙ্কু যে ফিনিশারের ভূমিকা পালন করেন, কেকেআর-এও তাঁকে সেই জায়গাতেই রাখা উচিত বলে মনে করছেন শ্রীকান্ত।
পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের সেই রূপকথার মরশুমের পর থেকে রিঙ্কুর ব্যাটে বড় রানের খরা চলছে। বিশেষ করে এই মরশুমে কেকেআর যখন পয়েন্ট টেবিলের তলানিতে, তখন দলের সহ-অধিনায়কের ব্যাটে ঝোড়ো ইনিংস না থাকাটা সমর্থকদের ভাবিয়ে তুলছে। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন নাইটরা কি শ্রীকান্তের পরামর্শ মেনে পরবর্তী ম্যাচে রিঙ্কুর পজিশন বদলাবে? এখন সেটাই দেখার।

