উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহখানেক আগেও রীতিমতো মাথা ভরা চুল ছিল। কিন্তু সপ্তাহ ঘুরতেই টাক (Bald) পড়ে একেবারে বিরলকেশ! শুনতে অবাক লাগলেও এমন ঘটনার অভিজ্ঞতা হয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানা জেলার ৩টি গ্রামের বাসিন্দাদের। গত কয়েকদিনের মধ্যে এমন ঘটনা ঘটায় চমকে গিয়েছেন সকলে। স্বাস্থ্য আধিকারিকদের ধারণা, চাষের কাজে ব্যবহৃত সার ও কীটনাশকের কারণে জল দূষিত (Water pollution) হয়। তা থেকেই এমনটা হয়ে থাকতে পারে। আধিকারিকরা পরীক্ষা করে দেখার জন্য বাসিন্দাদের চুল ও জলের নমুনা সংগ্রহ করেছেন।
বোরগাঁও, কালওয়াড ও হিঙ্গনা গ্রামগুলি বুলধানা জেলার শেগাঁও তেহশিলের অধীনে। কিছুদিন হয় গ্রামের পুরুষ মহিলা নির্বিশেষে সবার মাথার চুল পড়ে যেতে শুরু করেছে। একবার চুল পড়া শুরু হওয়ার পর পুরোদস্তুর টাক পড়তে বড়জোর সপ্তাহখানেক লাগছে। হাত দিয়ে সামান্য টান দিলেই মুঠোমুঠো চুল উঠে আসছে মাথা থেকে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই স্বাস্থ্য দপ্তরের একটি দল এলাকায় পরিদর্শনে যায়। চুল উঠে যাওয়ার সমস্যায় ভুগছেন এমন প্রায় ৫০ জনকে চিহ্নিত করে কথা বলেন তাঁরা। চুল ও জলের নমুনা সংগ্রহ করা হয়। চামড়াও পরীক্ষা করে দেখা হয়। চিকিৎসকরা জানচ্ছেন, একমাত্র দূষিত জল থেকেই এত দ্রুত চুল পড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দলের সদস্য ডাঃ দিপালী রাহেকর জানান, তাঁরা সংগৃহীত নমুনা পরীক্ষার মাধ্যমে সুনির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছতে চাইছেন। এর মধ্যে গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

