উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় কথা বলার অপরাধে মহারাষ্ট্রে হেনস্থা ও কারাবাসের শিকার দক্ষিণ দিনাজপুরের পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার দক্ষিণ দিনাজপুরের তপনের (Tapan) বাসিন্দা অসিত সরকারের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অসহযোগিতার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন খোদ বিজেপি কর্মী ও নির্যাতিত শ্রমিকেরা।
অসিত সরকার ও তাঁর সঙ্গীরা মহারাষ্ট্রে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুলিশ অবৈধভাবে আটক করে। মুক্তির শর্ত হিসেবে প্রত্যেকের কাছ থেকে দেড় লক্ষ টাকা দাবি করা হয়। নির্যাতিতদের দাবি, সেই চরম বিপদের সময়ে তাঁরা স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে বারবার সাহায্যের আবেদন জানিয়েছিলেন। কিন্তু অভিযোগ, সাংসদ বা তাঁর দল কোনওভাবেই তাঁদের পাশে দাঁড়ায়নি। এদিন অভিষেকের সামনেই ক্ষোভ উগরে দেন স্থানীয় বিজেপি বুথ সভাপতি গৌতম বর্মন। তিনি বলেন, ‘বিপদের সময় আমরা ফোন করলেও কেউ ফোন ধরেনি। বিজেপি আমাদের পাশে দাঁড়ায়নি।’
শ্রমিকদের বাড়ি থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক মেজাজে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) বিঁধতে শুরু করেন। তিনি বলেন, ‘বাংলায় কথা বলার জন্য তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্রের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মহারাষ্ট্রে বিজেপির সরকার থাকা সত্ত্বেও সুকান্ত বাবু কিচ্ছু করেননি। আমরা জানতে পেরে কাঠখড় পুড়িয়ে তাঁদের ছাড়িয়ে এনেছি।’ সুকান্ত মজুমদারকে ‘ফ্যাশন শোয়ের মাস্টার’ এবং ‘স্টপেজ মিনিস্টার’ বলে কটাক্ষ করে অভিষেক প্রশ্ন তোলেন, ‘রাজনীতি মানে তো মানুষের পাশে দাঁড়ানো। যাঁরা আপনাকে জিতিয়েছে তাঁদের প্রতি কি আপনাদের কোনো দায়িত্ব নেই?’ এদিন তিনি বীরভূমের অন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক সোনালি খাতুনের ওপর অত্যাচারের প্রসঙ্গও উল্লেখ করেন।
পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করে অভিষেক প্রতিশ্রুতি দেন যে, তাঁদের আর মহারাষ্ট্রে কাজের জন্য যেতে হবে না; রাজ্য সরকার এখানেই তাঁদের কাজের ব্যবস্থা করবে। অন্যদিকে, এই আক্রমণের জবাবে সুকান্ত মজুমদার বলেন, ‘তৃণমূলের আমলে বালুরঘাটে কী কাজ হয়েছিল আর আমার আমলে কী হচ্ছে, তা মানুষ জানেন। ভোটবাক্সেই এর জবাব মিলবে।’ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং বাঙালি পরিচয় নিয়ে এই রাজনৈতিক চাপানউতোর জেলায় নতুন সমীকরণ তৈরি করল।

