আলিপুরদুয়ার: হাতে আর মাত্র তিন দিন, তার পরেই রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (WB Election 2026)। প্রচারের শেষ লগ্নে উত্তরবঙ্গে এসে চরম বিপাকে পড়লেন তৃণমূলের তারকা প্রচারক তথা সাংসদ দেব (Deb)। সোমবার আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের (Suman Kanjilal) সমর্থনে রোড শো করার কথা থাকলেও, মাঝপথ থেকেই ফিরে যেতে হল টলিউড সুপারস্টারকে। এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অব্যবস্থা ও চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।
এদিন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে হেলিকপ্টার থেকে নামেন দেব। সেখান থেকেই হুডখোলা গাড়িতে রোড শো শুরু করেন তিনি। প্রিয় তারকাকে চোখের দেখা দেখতে আলিপুরদুয়ারে কার্যত জনঅরণ্যের সৃষ্টি হয়। রাস্তার দু’ধারে ভিড় ছাড়াও বাড়ির ছাদ ও গাছের ডালে উঠেও কাতারে কাতারে মানুষ দেবকে স্বাগত জানান। বি এফ রোড দিয়ে সাড়ম্বরে মিছিল এগোলেও মহাকালধাম এলাকায় পৌঁছানোর পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে।


তৃণমূলের অভিযোগ, ভিড় সামলানোর জন্য যে ধরনের পুলিশি নিরাপত্তা বা কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন ছিল, তা সেখানে ছিল না। চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে মহাকালধামেই প্রচার শেষ করে ফিরে যান দেব। তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল সরাসরি নির্বাচন কমিশনকে তোপ দেগে বলেন, “দেবের মতো সেলিব্রিটির জন্য ন্যূনতম নিরাপত্তাটুকু দিতে পারেনি কমিশন ও পুলিশ। এর পেছনে গভীর চক্রান্ত থাকতে পারে। চক্রান্ত করেই রোড শো-টি সম্পূর্ণ করতে দেওয়া হলো না।” একই সুরে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা মৃদুল গোস্বামীও।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও দেবকে খুব কাছ থেকে দেখতে না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ তাঁর অনুরাগীরা। তবে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল বলেন, “৪ মে নির্বাচনের ফলের পর ফের দেবকে আলিপুরদুয়ারে আনব আমরা। সেদিন আবার বর্ণাঢ্য রোড শো হবে।”
ভোটের মুখে তারকা প্রচারকের এই মাঝপথ থেকে ফিরে যাওয়াকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে রাজনৈতিক চাপানউতোর এখন তুঙ্গে।

