উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) ঠিক মুখে ভোটার তালিকায় নাম বাদ পড়া লক্ষ লক্ষ মানুষের জন্য বড়সড়ো স্বস্তির খবর শোনাল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court on Deleted Voters)। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচনের মাত্র দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যদি কোনও ভোটারকে ছাড়পত্র দেয়, তবে তিনি ভোট দিতে পারবেন। এসআইআর মামলায় ১৪২ ধারা প্রয়োগ সুপ্রিম কোর্টের।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, এসআইআর (SIR) মামলায় বিচারপ্রক্রিয়া চলাকালীন ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী:


প্রথম দফার ক্ষেত্রে (২৩ এপ্রিল ভোট): ২১ এপ্রিলের মধ্যে ট্রাইবুনাল অনুমতি দিলে ভোট দেওয়া যাবে।
দ্বিতীয় দফার ক্ষেত্রে (২৯ এপ্রিল ভোট): ২৭ এপ্রিলের মধ্যে ছাড়পত্র মিললে ভোটাররা বুথে যেতে পারবেন।
তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র আবেদন করলেই হবে না, ট্রাইবুনালে আবেদনের নিষ্পত্তি হয়ে ছাড়পত্র মিলতে হবে। যদি ট্রাইবুনাল কারও নাম বাদ দিয়ে দেয়, তবে তিনি ভোট দিতে পারবেন না।
রাজ্যে বর্তমানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন বিবেচনাধীন ভোটারের মধ্যে প্রায় ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এই বিপুল সংখ্যক মানুষ পুনরায় ভোটাধিকার ফিরে পাওয়ার সুযোগ পেলেন।আবেদনকারীদের সুবিধার্থে প্রক্রিয়াটি সহজ করেছে কমিশন। ভোটাররা নীচের মাধ্যমগুলিতে আবেদন করতে পারবেন:
অনলাইন: ‘ইসিআইনেট’ (ECINET) মোবাইল অ্যাপ বা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট।
অফলাইন: সংশ্লিষ্ট জেলাশাসক (DM) বা মহকুমাশাসকের (SDO) দপ্তরে।
বর্তমানে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির সমন্বয়ে গঠিত ‘আপিল ট্রাইবুনাল’ দ্রুততার সঙ্গে এই নথি যাচাইয়ের কাজ চালাচ্ছে।

