উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় ধাক্কা রাজ্য সরকারের! আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোর (Aniket Mahato) পোস্টিং মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অর্থাৎ রায়গঞ্জ নয়, অনিকেতকে আরজি কর হাসপাতালেই পোস্টিং (Posting) দিতে হবে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ জানিয়েছে, হাইকোর্টের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ করা হবে না। আগামী দুই সপ্তাহের মধ্যে আরজি করের (RG Kar Medical College) অ্যানাস্থেশিয়া বিভাগে পোস্টিং দিতে হবে অনিকেতকে। রাজ্যকে এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের।
এদিন শুনানি চলাকালীন বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে রাজ্য। সকলের ক্ষেত্রে এসওপি মেনে তালিকা তৈরি হলেও, অনিকেতের ক্ষেত্রে ব্যতিক্রমের কারণ জিজ্ঞাসা করা হয়। এতে রাজ্য যুক্তি দেয়, কোনও সরকারি কর্মী বা চিকিৎসক, নিজের পছন্দমতো কর্মস্থল বাছতে পারেন না। কিন্তু শীর্ষ আদালত ফের পালটা প্রশ্ন করে এসওপি না মানার ও মেধার ভিত্তিতে পোস্টিং না দেওয়ার কারণ জানতে চায়। এরপরই নির্দেশ দেওয়া হয় যে আরজি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে অনিকেতকে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে চিকিৎসক অনিকেত মাহাতোকে রায়গঞ্জ হাসপাতালে বদলি করে স্বাস্থ্য দপ্তর৷ এরপরই অনিকেত দাবি করেন, তাঁর র্যাংক অনুযায়ী আরজি কর হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগে পোস্টিং হওয়ার কথা৷ কিন্তু সেখানে না দিয়ে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে রায়গঞ্জ হাসপাতালে৷ এই বিষয়টিকে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ বলে উল্লেখ করেছিলেন তিনি। এরপর রাজগঞ্জে কাজে যোগ না দিয়ে রাজ্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেত। এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু অনিকেতের পোস্টিং নিয়ে রাজ্যের নির্দেশ খারিজ করে দেন৷ তিনি অনিকেতকে অবিলম্বে আরজি কর হাসপাতালে যোগদান করতে নির্দেশ দেন৷ এরপর রাজ্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও অনিকেতের পক্ষেই রায় দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করেও সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য। কিন্তু তাতেও শেষমেশ অনিকেতের পক্ষেই রায় দেওয়া হল।

