উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুকুল রায়ের (Mukul Roy) বিধায়কপদ খারিজের মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুলের পুত্র শুভ্রাংশু রায়। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই স্থগিতাদেশ প্রদানের পাশাপাশি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায়কে নোটিস জারি করেছে। আগামী চার সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুল রায়। পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও বিধায়ক পদে ইস্তফা দেননি। এই ঘটনায় দলত্যাগ বিরোধী আইনের আওতায় শুভেন্দু অধিকারী মুকুলের বিধায়কপদ খারিজের দাবি জানান। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায় মামলাটি হাইকোর্টে পৌঁছায়। গত ১৩ নভেম্বর কলকাতা হাই কোর্ট মুকুল রায়ের বিধায়কপদ বাতিল করে দেয়।
নির্বাচিত প্রতিনিধির পদ আদালত সরাসরি খারিজ করতে পারে কি না, তা নিয়ে আইনি মহলে প্রশ্ন উঠেছিল। শুভ্রাংশু রায়ের আবেদনের ভিত্তিতে এদিন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়। আদালত জানিয়েছে, বর্তমানে মুকুল রায় অসুস্থ এবং সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন এই মানবিক দিকটিও বিবেচনা করা হয়েছে। তবে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে শীর্ষ আদালতে পাল্টা প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, স্পিকারের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল যে মুকুল রায়ের দলত্যাগের বিষয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিত নন। এবার সুপ্রিম কোর্টে আগামী শুনানিতে স্পিকার ও বিরোধী পক্ষের হলফনামার ভিত্তিতেই ঠিক হবে মুকুলের বিধায়ক পদের ভাগ্য।

