উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ জন পর্যটক। এই জঙ্গি হামলার ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। ভারতের দেড়শো কোটি মানুষ চাইছে প্রত্যাঘাত। সেই পথেই কি হাঁটতে চলেছে ভারত? এমনই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যে। তিনি জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই কাশ্মীরে জঙ্গি হামলার যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারত। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধান এবং গোয়েন্দা সংস্থাগুলির শীর্ষ আধিকারিকেরা। পহেলগাঁও হামলার পর এই বৈঠক ডাকায় বাতাসে যুদ্ধের গন্ধ আরও জোরাল হচ্ছে।
মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ জন পর্যটক। জঙ্গিদের গুলিতে অন্তত ২৭ সাধারণ পর্যটকের মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশবাসী। নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গেরও তিন জন রয়েছেন। হামলার চক্রীদের বিরুদ্ধে প্রত্যাঘাতের দাবি উঠতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আশ্বস্ত করেছেন, হামলায় জড়িত কাউকে রেয়াত করা হবে না। অমিত শা জানিয়েছেন, ভারত সন্ত্রাসের কাছে নত হবে না। এই নৃশংস জঙ্গি হামলার দোষীরা কেউ ছাড় পাবে না। এই অবস্থায় বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। এই জরুরী পরিস্থিতিতে সিসিএস-এর অন্যতম সদস্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আমেরিকা-পেরু সফর কাটছাঁট করে ভারতে ফিরছেন। নয়াদিল্লিতে ফিরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। এদিনের বৈঠকে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। সেক্ষেত্রে আজ রাতেই সার্জিক্যাল স্ট্রাইকের পথেই হাঁটতে পারে ভারত।

