উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের নির্মম হত্যাকাণ্ডে (Chandranath Rath Muder Case) শোকস্তব্ধ তাঁর পরিবার। বৃহস্পতিবার কান্নায় ভেঙে পড়েছেন নিহতের মা হাসিরানি রথ। শোকাতুর কণ্ঠে তিনি দাবি করেন, তাঁর ছেলের খুনিদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়। তবে মা হিসেবে তিনি ফাঁসি নয়, বরং অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন।
ছেলের এই পরিণতির জন্য রাজ্যের বিদায়ী শাসকদল তৃণমূল নেতাদের ‘উস্কানিমূলক’ বক্তব্যকেই দায়ী করেছেন হাসিরানি দেবী। সংবাদমাধ্যমের সামনে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “শাসকদলের নেতারা তখন গরম-গরম বক্তৃতা দিয়েছিলেন। বলেছিলেন, চার তারিখের পর দিল্লির কোনও বাবা রক্ষা করতে পারবে না। সেটাই তাঁরা করে দেখিয়ে দিলেন।” রাজ্যে গঠিত হতে চলা নতুন সরকারের কাছে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানিয়েছেন তিনি।


উল্লেখ্য, বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। সেই সময় গাড়িতে তাঁর সঙ্গে থাকা আরও একজন সঙ্গী গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজন বর্তমানে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতেই নিহতের দেহ বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Barasat Medical College) মর্গে পাঠানো হয়েছে।
এই চাঞ্চল্যকর খুনের কিনারা করতে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। এই দলে রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের পাশাপাশি সিআইডি-র (CID) গোয়েন্দারাও রয়েছেন। যদিও তদন্তের স্বার্থে সিটে কতজন সদস্য রয়েছেন বা তাঁদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

