বাগডোগরা: “তৃণমূল সরকার (TMC) হিন্দু বিরোধী। গেরুয়া (BJP) দেখলেই আক্রমণ করে।” শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে নেমে এই ভাষাতেই শাসকদলকে সরাসরি আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বর্তমানে সনাতন ধর্মাবলম্বীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সম্প্রতি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্বাচনী এলাকায় সাধুদের ওপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে সরব হন শুভেন্দু। তিনি অভিযোগ করেন, “খোদ মুখ্যমন্ত্রীর এলাকায় সাধুদের ওপর তৃণমূলের জেহাদি গুন্ডারা আক্রমণ চালাচ্ছে। এই রাজ্যে সনাতনীরা নিরাপদ নয়।” দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করার দাবিও তোলেন তিনি।


রাজ্যে বর্তমানে নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে। আইনশৃঙ্খলা এখন নির্বাচন কমিশনের সরাসরি নজরদারিতে। সেই প্রসঙ্গের উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, “যেহেতু এখন নির্বাচন কমিশনের মনিটরিং-এ আইন-শৃঙ্খলা রয়েছে, তাই তাদের উচিত এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া।”
বাগডোগরা থেকে শুভেন্দুর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি মহকুমা ও রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। শাসকদলের পক্ষ থেকে এখনও এই মন্তব্যের কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

