উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুর (Suvendu Adhikari PA Murder) কিনারা করতে এবার গঠন করা হল বিশেষ তদন্তকারী দল (SIT)। এই তদন্তকারী দলে রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে সিআইডি-কেও (CID)। যদিও সিটের সদস্য সংখ্যা বা সদস্যদের নাম নিয়ে এখনও গোপনীয়তা বজায় রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই তদন্তের গতিপ্রকৃতি আরও জোরদার হয়েছে। এদিন সকালেই ঘটনাস্থলে পৌঁছে যান বিএসএফ (BSF) ডিজি প্রবীণ কুমার। এর আগে বুধবার রাতে মধ্যমগ্রামের হাসপাতালে গিয়েছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত। তদন্তের স্বার্থে মুখ না খুললেও তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়িটির নম্বরপ্লেট শিলিগুড়ির হলেও প্রাথমিক তদন্তে তা ভুয়ো বলে মনে করছে পুলিশ। এলাকা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুলি ও কার্তুজ।


রাজ্য পুলিশের ফরেনসিক দল বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ শুরু করেছে। চন্দ্রনাথ যে গাড়িটিতে ছিলেন, তার সামনের দুই আসনেই রক্তের দাগ মিলেছে। বর্তমানে গোটা এলাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। যশোর রোড থেকে চন্দ্রনাথের আবাসন পর্যন্ত যান চলাচল ও সাধারণের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে চন্দ্রনাথের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন একজন বিভাগীয় প্রধান ও দু’জন সহকারী অধ্যাপক। ময়নাতদন্তের পুরো প্রক্রিয়াটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও বারাসত হাসপাতালে আসছেন বলে খবর। সব মিলিয়ে, চন্দ্রনাথ রথের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও প্রশাসনিক স্তরে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে।

