পাল্লেকেলে : চরম দুঃসময় চলছে শ্রীলঙ্কা ক্রিকেটে। সাফল্য শব্দটা আগেই উধাও হয়ে গিয়েছে। রয়েছে শুধু ব্যর্থতার যন্ত্রণা।
এমন অবস্থার মধ্যে শনিবার থেকে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা সিরিজ লঙ্কা ক্রিকেটে আগামীর অক্সিজেন হতে পারে। কিন্তু তার জন্য কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, দাসুন শনাকাদের বাইশ গজে কিছু করে দেখাতে হবে। বাস্তবে কি সেটা সম্ভব?
জবাব সময়ের গর্ভে। তার আগে আজ শ্রীলঙ্কা ক্রিকেটের হাল ফেরানোর দায়িত্ব পাওয়া কার্যনির্বাহী কোচ সনৎ জয়সূর্য তাঁর দলকে সামনে তাকানোর ডাক দিয়েছেন। শুধু তাই নয়, বার্বাডোজে টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা কুড়ির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই কথা তাঁর দলকে মনে করিয়ে দিয়ে জয়সূর্য আশালঙ্কাদের সুযোগ কাজে লাগানোর কথা বলেছেন। পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার অনুশীলনের আগে সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে শ্রীলঙ্কার নয়া কোচ বলেছেন, ‘বিরাট-রোহিত-জাদেজারা টি২০ থেকে অবসর নিয়েছে। ভারতীয় ক্রিকেটের জন্য এমন ঘটনা অপূরণীয় ক্ষতি। নতুনভাবে শুরু করতে চলা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে রোহিতদের অনুপস্থিতির সুযোগ কাজে লাগাতে হবে আমাদের।’
কীভাবে সেটা সম্ভব, তারও দিশা দিয়েছেন দ্বীপরাষ্ট্রের ক্রিকেটের অন্তবর্তীকালীন কোচ। জয়সূর্য দলগত সংহতি, ক্রিকেটীয় বেসিকের পাশে শৃঙ্খলা বজায় রাখার ডাক দিয়েছেন। তাঁর কথায়, ‘মাঠে নেমে সেরাটা দিতে হলে ক্রিকেটের বেসিক ঠিক রাখতে হবে আমাদের। সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে সামনে তাকাতে হবে। সব দলেরই খারাপ সময় আসে। আবার কেটেও যায়। এটাই ক্রিকেটের নিয়ম। আমাদের তাই সতর্ক থেকে মাঠে সেরাটা দিতে হবে।’ উল্লেখ্য, টিম ইন্ডিয়ার গৌতম গম্ভীরের মতোই শনিবার পাল্লেকেলের মাঠে কোচ হিসেবে অভিষেক হতে চলেছে জয়সূর্যেরও। এদিকে, লঙ্কার অন্তবর্তীকালীন কোচ জয়সূর্য তাঁর দলকে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানোর ঘণ্টা কয়েক পরই দলের অন্যতম অভিজ্ঞ জোরে বোলার দুষ্মন্ত চামিরা চোটের কারণে ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তঁার পরিবর্তে স্কোয়াডে এসেছেন আরেক পেসার আসিথা ফার্নান্ডো।
India vs Sri Lanka | রোহিত-বিরাটদের অনুপস্থিতির সুযোগ কাজে লাগাও : জয়সূর্য
গ্রাফিক্স - কৃশাণু ভট্টাচার্য
শেষ আপডেট:
Categories
খেলাধুলাসবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে।
ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

