উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে বড়সড় ধামাকা। অনিয়মের অভিযোগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ (NSC)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল (BCB Ad-hoc Committee)।
বিসিবি-র গত নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিল একাধিক ক্রিকেট ক্লাব। তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে এনএসসি। তদন্তে অসঙ্গতি ধরা পড়ায় বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসি-কে (ICC) ইতিমধ্যেই এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। এনএসসির ডিরেক্টর আমিনুল এহসান আশ্বস্ত করেছেন যে, এই প্রশাসনিক রদবদলের কারণে আইসিসি-র পক্ষ থেকে বাংলাদেশের ওপর কোনও নিষেধাজ্ঞা বা শাস্তির সম্ভাবনা নেই।
তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটিতে রয়েছেন অভিজ্ঞ এবং পরিচিত মুখেরা। কমিটির অন্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন, আতহার আলি খান, তানজিল চৌধুরী, সলমন ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা। উল্লেখ্য, এই তালিকায় তানজিল, ইস্পাহানি, রফিকুল ও ফাহিম আগেও বিসিবি-র পর্ষদে ছিলেন। এছাড়া কমিটির বেশ কয়েকজন সদস্য বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
অ্যাডহক কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে মাত্র তিন মাস। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বিসিবি-র নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে একটি স্থায়ী ও নির্বাচিত পর্ষদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে তামিমদের। তবে কমিটির সদস্যরা নিজেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও ঘোষণা আসেনি।
তামিম ইকবালের মতো একজন ক্রিকেট আইকন যখন বোর্ডের শীর্ষ পদে বসলেন, তখন দেশের ক্রিকেট ভক্তরা আশা করছেন যে, বিসিবি-তে এবার স্বচ্ছতা ফিরবে এবং মাঠের পারফরম্যান্সেও তার ইতিবাচক প্রভাব পড়বে।

