উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চাইছে বিএনপি (BNP)। দলটির শীর্ষ নেতা তারেক রহমানের (Tarique Rahman) আসন্ন শপথগ্রহণ অনুষ্ঠানে (Swearing-in ceremony) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আমন্ত্রণ জানানো হবে বলে নিশ্চিত করেছেন তারেকের বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবীর। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই আমন্ত্রণ দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।
শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকা-দিল্লি সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে তৎপর বিএনপি। হুমায়ুন কবীরের মতে, এই অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নতির জন্য ভারত-বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ (India-Bangladesh bilateral ties)। এই সম্পর্ককে আরও বিস্তৃত করাই তারেক রহমানের বিদেশনীতির অন্যতম লক্ষ্য।
ইতিমধ্যেই বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত হতেই এক্স হ্যান্ডেলে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। দুই দেশের ‘বহুমাত্রিক সম্পর্ক’ ও ‘অভিন্ন উন্নয়নের লক্ষ্য’ পূরণে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। মোদি ও তারেক রহমানের মধ্যে ফোনেও ইতিবাচক কথা হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও তারেক রহমান কবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশের প্রশাসনিক সূত্রে খবর, আগামী সোম বা মঙ্গলবার নতুন সরকার গঠিত হতে পারে। বিএনপি মনে করছে, মোদি এই আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত থাকলে দুই প্রতিবেশীর সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

