উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে (Taslima Nasrin) নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (BJP MP Samik Bhattacharya)। সোমবার সংসদে দাঁড়িয়ে বিজেপি নেতা বলেন, ‘তসলিমার প্রত্যাবর্তন হোক। বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক।’
একসময় বই নিয়ে বিতর্কের জেরে নিজের জন্মস্থান বাংলাদেশ (Bangladesh) ছাড়তে হয়েছিল লেখিকা তসলিমা নাসরিনকে। জন্মভূমি ছেড়ে আসার পর তিনি আশ্রয় নিয়েছিলেন কলকাতায়। ২০০৭ সালে ফের তাঁকে ছাড়তে হয়েছিল কলকাতা। বর্তমানে তিনি রয়েছেন দিল্লিতে (Delhi)। ২০২৪ এর জুলাই মাসে ভারতে থাকা রেসিডেন্স পারমিট শেষ হয়ে যায় তসলিমার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের (Amit Shah) কাছে মেয়াদ বাড়ানোর আর্জি জানান তিনি। তাঁর দাবি মেনে বাড়ানো হয় রেসিডেন্স পারমিটের মেয়াদ। তবে ২০০৭ সালের পর তাঁর আর ফেরা হয়নি কলকাতায়।


এদিন শমীক ভট্টাচার্য বাংলা ভাষায় তসলিমার অবদান কতটা, সেই বিষয়ে বলেন, ‘তসলিমার কাছে কলকাতা শহর নিজের শহর, ভালবাসার শহল, প্রাণের শহর। তাই তাঁকে ফেরানো হোক কলকাতায় (Kolkata)। তসলিমার প্রত্যাবর্তন হোক। বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক।’
এরই পাশাপাশি তাঁর আরও সংযোজন, ‘বাংলাদেশে সংখ্যালঘু-নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ায় তসলিমাকে নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। এরপর কলকাতায় আশ্রয় নেন তিনি। পরে পরিস্থিতির চাপে তাঁকে কলকাতা থেকেও বিতাড়িত করা হয়। তসলিমাকে কলকাতা থেকে তাঁকে বিতাড়িত করতে তৎপর হয়েছিলেন যে কংগ্রেস নেতা, তিনি এখন তৃণমূলে।’ শুধু কংগ্রেস বা তৃণমূলই নয়, বামেদেরও নিশানা করেছেন তসলিমার কলকাতা ছাড়ার পেছনে।

