উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যায় কটকের বরাবাটি স্টেডিয়ামে। তার আগে পুরীতে জগন্নাথদেবের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদবরা।
রোহিত-কোহলির ব্যাটিং বিক্রমে ওয়ানডে সিরিজ পকেটে পুড়েছে ভারত। এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ওডিশার কটকের বরাবাটি স্টেডিয়ামে টি২০ সিরিজের প্রথম ম্যাচ। তার আগে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সূর্যরা। ছিলেন কোচ গৌতম গম্ভীর, তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দররা। সূর্যকুমার মন্দিরে ঢোকার সময় ‘জয় জগন্নাথ’ ধ্বনি দেন। তাঁর সঙ্গে স্ত্রী দেবিশা শেট্টিও ছিলেন। পুজো দিয়ে এদিন দলের জয় কামনা করেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুরীর পুলিশ প্রধান প্রতীক সিং বলেন, “আমরা ভারতীয় দলের জন্য বিশেষ ব্যবস্থাপনা করেছিলাম। কোনও সমস্যা হয়নি। তাঁরা নির্বিঘ্নেই ঈশ্বরদর্শন করেছেন।”
বরাবাটিতে ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। দলে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া, শুভমান গিলরা। এই ম্যাচের জন্য প্রথম টিকিটটি জগন্নাথদেবের পাদপদ্মে তুলে দেওয়া দেয় ওডিশা ক্রিকেট সংস্থা। ম্যাচের প্রথম টিকিটটি তাঁরা দিয়ে এসেছিলেন পুরীর মন্দিরে। জগন্নাথদেবকে আমন্ত্রণ জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তাঁরা।

