উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খেলা ছিল নেশা, আর সেই নেশাই ডেকে আনল চরম পরিণতি। আমেরিকার টেক্সাসে (Texas Plane Crash) এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন পিকেলবল খেলোয়াড় সহ ৫ জনের। মৃতদের মধ্যে চারজনই নামী পিকেলবল খেলোয়াড়। মাঝ আকাশেই যান্ত্রিক গোলযোগ নাকি প্রকৃতির রোষ— ঠিক কী কারণে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিমানটি, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ টেক্সাস হিল কান্ট্রির উইম্বার্লি শহরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অস্টিন থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে একটি ঘন বনাঞ্চলে আছড়ে পড়ে সেসনা ৪২১সি (Cessna 421C) মডেলের ছোট বিমানটি। টেক্সাস ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটির সার্জেন্ট বিলি রে জানিয়েছেন, বিমানে থাকা পাইলট সহ পাঁচ আরোহীর কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁদের মৃত ঘোষণা করা হয়।


তদন্তকারী সূত্রে খবর, বিমানটি অ্যামারিলো থেকে নিউ ব্রাউনফেলস ন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। বনাঞ্চলে ভেঙে পড়ার ঠিক আগেই বিমানটি থেকে ‘বিপদ সংকেত’ পাঠানো হয়েছিল। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে দাউদাউ করে আগুন লেগে যায়। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় আকাশ মেঘলা ছিল এবং তার কিছু পরেই ওই এলাকায় প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় শুরু হয়। প্রতিকূল আবহাওয়াই কি এই দুর্ঘটনার নেপথ্যে? খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।
মৃতদের নাম এখনও সরকারিভাবে প্রকাশ করা না হলেও, ‘অ্যামারিলো পিকেলবল ক্লাব’ নিশ্চিত করেছে যে নিহতরা তাদেরই সদস্য। ক্লাবের সভাপতি ড্যান ডায়ার গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, তাঁরা অত্যন্ত দক্ষ খেলোয়াড় ছিলেন এবং টুর্নামেন্টের টানেই বিমানে করে দূরে যাচ্ছিলেন। মজার বিষয় হলো, একই সময়ে অ্যামারিলো থেকে আরও একটি বিমান রওনা দিয়েছিল যা নিরাপদে গন্তব্যে পৌঁছালেও, এই অভিশপ্ত বিমানটির শেষ রক্ষা হলো না। বর্তমানে মার্কিন প্রশাসন ও বিমান চলাচল কর্তৃপক্ষ (FAA) দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

