উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আতঙ্কের অপর নাম এসআইআর (SIR)! রাজ্য সরকারের দাবি, ভোটার তালিকা সংশোধন বা এসআইআরের কারণে মৃত্যু হয়েছে ৩৯ জনের। আহত হয়েছেন আরও কয়েকজন। এমতাবস্থায় নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং অসুস্থদের পরিবারকে ১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘এসআইআরের কারণে যারা মারা গেছেন অর্থাৎ কেউ আত্মহত্যা করেছেন, কেউ ট্রামায় মারা গেছেন কিংবা অনেকে এখনও অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে যারা মারা গেছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং যারা অসুস্থ রয়েছেন তাঁদের হাতে ১ লক্ষ টাকা তুলে দেওয়া হবে। এই তালিকায় বিএলও-রাও রয়েছেন। যাতে তাঁদের পরিবারগুলি ভাবে দুর্দিনে সরকার তাঁদের পাশে আছে।’
এরই পাশাপাশি তিনি বলেন, আমরা আজনি এটা আমাদের সামাজিক দায়িত্ব। জানি আমরা টাকা-পয়সা পাচ্ছি না। অসুবিধে হয় হচ্ছে সংসার চালাতে। মহিলারা সংসার চালায়, আবার সরকারও চালায়। অনেক লাঞ্ছনা, বঞ্চনা এবং অবহেলা করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ। আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন বলে। যতই অত্যাচার করুন, অপপ্রচার করুন, কুৎসা করুন তবুও আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই।’

