উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশের বর্তমান ডিজি (DG West Bengal) রাজীব কুমার অবসর নিচ্ছেন ৩১ জানুয়ারি। তার আগেই পরবর্তী ডিজির নাম ঠিক করে ফেলল নবান্ন। রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল হচ্ছেন পীযূষ পাণ্ডে। একই সঙ্গে কলকাতা পুলিশের কমিশনার পদেও বদল আনা হচ্ছে। মনোজ ভার্মার জায়গায় কমিশনার হচ্ছেন সুপ্রতিম সরকার। মনোজ ভার্মাকে ডিরেক্টর সিকিউরিটি এডিজি (এসটিএফ) পদে পাঠানো হচ্ছে। বিনীত গোয়েলকে দেওয়া হয়েছে এডিজি আইনশৃঙ্খলা পদ। এডিজি এসটিএফ-র দায়িত্বে আনা হয়েছে জাভেদ শামিমকে।
দীর্ঘদিন ধরেই রাজ্য পুলিশে কোনো স্থায়ী ডিজি নেই। শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবীয়। তিনি ২০২৩ সালে অবসর নেন। রাজীব কুমার বর্তমানে অস্থায়ীভাবে দায়িত্ব সামলালেও তাঁর কার্যকাল ফুরিয়ে আসছে। এমতাবস্থায় রাজ্য প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হলো এমন একজনকে বেছে নেওয়া, যিনি অভিজ্ঞতার নিরিখে কেন্দ্রের কাছেও গ্রহণযোগ্য হবেন। শুক্রবারের রদবদলে যে নামটি উঠে এসেছে তিনি হলেন পীযূষ পাণ্ডে। ১৯৯৩ ব্যাচের এই আইপিএস ক্যাডার বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশ মহলে অত্যন্ত দক্ষ আধিকারিক হিসেবে পরিচিত।
পীযূষ পাণ্ডের কর্মজীবন বৈচিত্র্যময়। তিনি ডিরেক্টর সিকিউরিটি হিসেবে কাজ করেছেন, যাঁর ওপর রাজ্যের ভিভিআইপি-দের নিরাপত্তার দায়িত্ব ছিল। এছাড়া এডিজি (ট্রাফিক) এবং এডিজি (কারা)-র মতো গুরুত্বপূর্ণ পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। প্রশাসনিক কুশলতা এবং স্বচ্ছ ভাবমূর্তির কারণে পরিচিতি রয়েছে তাঁর।
সাধারণ ভাবে ডিজি নিয়োগের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই নিয়মে রাজ্য সরকারকে সিনিয়র আইপিএসদের তালিকা ইউপিএসসির কাছে পাঠাতে হয়। সেই তালিকা থেকে ৩ জনের নাম নির্বাচন করে ইউপিএসসি রাজ্যকে পাঠায়। সেই তালিকা থেকে রাজ্য একজনকে স্থায়ী ডিজি হিসেবে নিয়োগ করে। তবে নানা জটিলতার কারণে স্থায়ী ডিজি নিয়োগের সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ফলে ভারপ্রাপ্ত ডিজি দিয়েই চলছে রাজ্য। পীযূষ পাণ্ডেও আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবেই দায়ীত্ব সামলাবেন।

