তুফানগঞ্জ: এসআইআর (SIR) আতঙ্কে ফের আত্মহত্যা! মঙ্গলবার রাতে কোচবিহার (Cooch Behar) জেলার তুফানগঞ্জের (Tufanganj) মধ্য বালাভূত এলাকায় শোবার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল হাচনা বিবির দেহ (৫৮)। পরিবারের দাবি, তার ভোটার কার্ড ও আধার কার্ডে নামের পদবি ভুল থাকায় তা সংশোধনের চেষ্টা করছিলেন। কিন্তু সংশোধন না হওয়ায় আতঙ্কে ছিলেন তিনি। এরফলেই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
মধ্য বালাভূত এলাকার বাসিন্দা ছিলেন হাচনা বিবি। বাড়িতে রয়েছে বৃদ্ধ স্বামী আশরাফুল শেখ। দুই ছেলে বর্তমানে বিহারে ইটভাটায় কাজ করেন। মঙ্গলবার বাজারে গিয়েছিলেন আশরাফুল। বাড়ি ফিরে অনেক ডাকাডাকি করে স্ত্রীর কোনও সাড়া শব্দ না পাওয়ায় একটু অবাক হন। এরপর শোবার ঘরে যেতেই চোখে পড়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন হাচনা বিবি। স্ত্রীকে এমন অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। ছুটে আসে আশপাশের লোকজন। অচৈতন্য অবস্থায় তাঁকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে (Tufanganj Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
হাচনার স্বামী আশরাফুল শেখ বলেন, ‘স্ত্রীর ভোটার কার্ড ও আধার কার্ডে নামের পদবি ভুল থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে—এমনটাই বলত। বারবার বোঝানো সত্ত্বেও এসআইআরের আতঙ্কে সে আত্মঘাতী হলো।’
তবে প্রশ্ন উঠেছে, ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মধ্য বালাভূতের মতো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দার মনে এসআইআরের আতঙ্ক কীভাবে ঢুকল? যদি তিনি আত্মঘাতী হয়ে থাকেন তাহলে স্থানীয় স্তরেই কেউ তাকে ভুল বুঝিয়েছিল বলেই আতঙ্কিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন? সেই উত্তর অধরাই থেকে গেল।

