জয়শীলা গুহ বাগচী
জয়শীলা গুহ বাগচীর জন্ম ও বসবাস জলপাইগুড়ি শহরে। পেশায় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বাংলা সাহিত্যের শিক্ষিকা। স্কুল জীবন থেকে কবিতা লেখার সূত্রপাত। পঁচিশ বছর ধরে বিভিন্ন পত্রিকায় কবিতা প্রকাশিত হয়ে চলেছে। প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা নয়টি। প্রকাশিত হয়েছে একটি উপন্যাস ও একটি গল্প সংকলন। আবহমান কবিতার ভেতরে নতুন ভাষা ও বোধকে খুঁজে নেবার প্রয়াস তাঁর কবিতাকে আলাদা করে তোলে। বেশিরভাগ কবিতা নতুন আঙ্গিকে লেখা হলেও রয়েছে একটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা সনেটের বই ও একটি হাইকু কবিতার বই। বিভিন্ন পত্রিকায় আমন্ত্রিত সম্পাদক হিসেবেও কাজ করেছেন। কবিতা আলোচনার ক্ষেত্রে তার বেশ কিছু পরিশ্রমী কাজ রয়েছে। সম্মানিত হয়েছেন দুটি সাহিত্য পুরস্কারে। সঞ্চালক হিসেবে বহু বছর জলপাইগুড়ি দূরদর্শনে কাজ করেছেন।
ছবি ও প্রেম
সবে তো সন্ধে হল
রাস্তার বুনোট খুলে আসছে
এখন আমাদের স্বাধীনতা দিবস
তোমার দু’হাতে পতাকা বেঁধে দেব
আমি বাজাবো বাঁশ পাতার বাঁশি
সূর্যমুখীর মাঠ, তারার মৃদু গন্ধ, নীলচে হাঁটাচলা…
ক্ষেতময় ছবির রাস্তা জুড়ে
হলুদ সান্ত্বনারঙ জামায় সাজি চল
আমরা কি ভিনসেন্টের বাগানের হাওয়াকল?
তোমার হাওয়ায় আমি ঘুরি
আমি হাওয়া দিলে তুমি বড়ই ভুল বেভুল
ভুল থেকেই তো সব
তুমি আমির নক্ষত্র বাতাস
জন্মান্তরের ঘননীল
নীলান্তর…

