উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাদবপুরের পর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।ঠিক যেভাবে পদ থেকে সরানো হয়েছিল যাদবপুরের কার্যকরী উপাচার্যকে, তেমনি সরানো হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্যকেও।রজতকিশোর দে কে উপাচার্য পদে বসানো হয়েছিল গত বছর অগাস্ট মাসে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসই তাঁকে এই দায়িত্ব দিয়েছিলেন।ঠিক ৯ মাসের মাথায় আচার্যই তাঁকে সরালেন পদ থেকে।
গত বছর জুন মাসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যের একাধিক উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে কার্যকরী উপাচার্য নিয়োগ করেছিলেন।দু’মাস উপাচার্যহীন থাকার পর অগাস্টে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে রজতকিশোর দে-কে কার্যকরী উপাচার্যের দায়িত্ব দেন সিভি আনন্দ বোস। কী এমন হল যে ৯ মাসের মাথায় পদ থেকে সরতে হল রজত কিশোরকে?


সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন কনভেনশন হয়েছে।ওয়েবকুপার সভাপতি হিসাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে উপস্থিত ছিলেন।এই কনভেনশনের পরই সোমবার আচমকা জানা গেল পদ থেকে সরানো হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে।যা নিয়ে ইতিমধ্যেই উঠেছে একাধিক প্রশ্ন।

