উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘুম থেকে দেরিতে ওঠার ফলে অনেকে প্রাতরাশ এড়িয়ে যান। আবার অনেকে তাড়াতাড়ি করতে গিয়ে চা, বিস্কুট অথবা একটি সেদ্ধ ডিম (Boiled Egg) খেয়েই প্রাতরাশ সারেন। হয়তো ভাবেন যে, সেদ্ধ ডিমই শরীরে প্রয়োজনীয় পুষ্টির জোগান দিয়ে দিচ্ছে। তবে এই অভ্যাসের কারণে কিন্তু নিজের বিপদ ডেকে আনছেন নিজেই। প্রাতরাশে নিয়মিত শুধু ডিম সেদ্ধ খেলে কী কী সমস্যা হতে পারে, তা জানুন।
১. ডিমে লুটেন এবং জিয়্যাক্সানথিন রয়েছে। যা চোখের পক্ষে খুবই ভালো। তবে সমস্ত রকমের অ্যান্টিঅক্সিড্যান্ট নেই। সেজন্য প্রাতরাশে ডিম সেদ্ধ খেলেও পাশাপাশি খেতে হবে ফল, সবজিও।


২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ডিমে ভিটামিন সি নেই। তাই প্রাতরাশে শুধুমাত্র ডিম সেদ্ধ খাওয়া কাজের কথা নয়। পরিবর্তে ভারী খাবার খান।
৩. ডিমে প্রোটিন, ফ্যাট, ভিটামিন রয়েছে। তবে ডিমে ফাইবার নেই। তার ফলে যাঁদের রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাঁরা বিপদে পড়তে পারেন। আবার দীর্ঘদিন ধরে শরীরে ফাইবারের ঘাটতিতে কোষ্ঠকাঠিন্য, কোলেস্টেরল হতে পারে। যা থেকে হৃদযন্ত্রের সমস্যাও হতে পারে। সে কারণে ঘুম থেকে উঠে প্রাতরাশে শুধুমাত্র ডিম সেদ্ধ খাওয়া উচিত নয়।
৪. ডিমে প্রোটিন এবং ফ্যাট থাকলেও কার্বোহাইড্রেট নেই। তার ফলে একটিমাত্র ডিম সেদ্ধ কখন সুষম পুষ্টিসমৃদ্ধ খাবার হতে পারে না। তার পরিবর্তে ওটস কিংবা মিষ্টি আলুর সঙ্গে ডিম সেদ্ধ খান। তাতে মানসিক বৃদ্ধিতে সাহায্য হবে।

