উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনেই ফেব্রুয়ারি মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। তার ঠিক আগেই বড়সড় দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে এল ভারতীয় ক্রিকেট মহলে। চোটের কারণে জরুরি অস্ত্রোপচার করাতে হলো টিম ইন্ডিয়ার উদীয়মান তারকা তিলক বর্মাকে। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন তিনি।
কেন হঠাৎ অস্ত্রোপচার?
বর্তমানে হায়দরাবাদ দলের হয়ে রাজকোটে বিজয় হাজারে ট্রফি খেলছিলেন তিলক বর্মা। সেখানেই হঠাৎ তীব্র শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। বিসিসিআই (BCCI) সূত্রের খবর অনুযায়ী, তিলক ‘অ্যাকিউট টেস্টিকুলার পেইন’ বা অণ্ডকোষে তীব্র যন্ত্রণার অভিযোগ করেছিলেন। তড়িঘড়ি তাঁকে রাজকোটের গোকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যান রিপোর্টে ‘টেস্টিকুলার টরশন’ (Testicular Torsion) ধরা পড়ে। পরিস্থিতি বিচার করে চিকিৎসকরা অবিলম্বে অস্ত্রোপচারের পরামর্শ দেন।


নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের সম্ভাবনা
অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার তিলককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিসিসিআই জানিয়েছে, সুস্থ হতে তাঁর বেশ কিছুটা সময় লাগবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচে তিনি খেলতে পারবেন না। সিরিজের বাকি দুই ম্যাচে তিলক ফিরতে পারবেন কি না, তা নির্ভর করবে তাঁর রিহ্যাবিলিটেশন ও ফিটনেসের ওপর।ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিলক বর্মা এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে তাঁর এই চোট নির্বাচক এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
তিলকের বার্তা: “খুব শীঘ্রই ফিরছি”
শারীরিক পরিস্থিতির আপডেট দিতে তিলক বর্মা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। ভক্তদের আশ্বস্ত করে তিনি লিখেছেন,”সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং ভালোবাসা জানানোর জন্য। আমি দ্রুত সুস্থ হয়ে উঠছি এবং আপনাদের ধারণার চেয়েও দ্রুত মাঠে ফিরে আসব।”
বিসিসিআই জানিয়েছে, ক্ষত শুকিয়ে গেলে তিলক ধীরে ধীরে শারীরিক প্রশিক্ষণ এবং স্কিল-ভিত্তিক অনুশীলনে ফিরবেন। ভারতের ক্রিকেটপ্রেমীরা এখন এটাই প্রার্থনা করছেন যাতে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে পারেন এই তরুণ বাঁহাতি ব্যাটার।

