উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অন্দরসজ্জায় টাটকা ফুলের জুড়ি মেলা ভার। কিন্তু বাজার থেকে শখ করে কেনা কাট ফ্লাওয়ার বা কাটা ফুল দু-তিন দিন যেতে না যেতেই নুইয়ে পড়ে। সঠিক যত্নের অভাবে এবং ব্যাক্টেরিয়ার দাপটে সুন্দর ফুলগুলি দ্রুত শুকিয়ে যায়। তবে কৃত্রিম ফুলের শরণাপন্ন না হয়ে সাধারণ কিছু ঘরোয়া কৌশলেই আপনি ফুলদানির ফুলকে দীর্ঘ দিন সতেজ রাখতে পারেন।
অনেকেই সাধারণ জলে ফুল রাখেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সৈন্ধব লবণের (Rock Salt) ব্যবহারের কথা। এই লবণে থাকা আয়রন, ক্যালশিয়াম ও পটাশিয়াম ফুলের ডাঁটির মাধ্যমে পুষ্টি সরবরাহ করে। এর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য জলের ব্যাক্টেরিয়ার বংশবৃদ্ধি রুখে দেয়, ফলে ফুল দ্রুত পচে না।
ধাপে ধাপে ফুলের যত্ন:
-
ফুলদানি পরিষ্কার: ফুল রাখার আগে পাত্রটি ভালো করে ধুয়ে ব্যাক্টেরিয়ামুক্ত করুন।
-
ডাঁটি ছাঁটা: ধারালো ও পরিষ্কার কাঁচি দিয়ে ফুলের ডাঁটি তেরছা করে অন্তত অর্ধেক ইঞ্চি কেটে নিন। এতে ফুল বেশি জল শোষণ করতে পারে। কয়েক দিন অন্তর ডাঁটি পুনরায় ছাঁটা প্রয়োজন।
-
পরিমিত নুন: ফুলদানির জলে মাত্র এক চা-চামচ সৈন্ধব লবণ যোগ করুন। মনে রাখবেন, অতিরিক্ত নুন দিলে হিতে বিপরীত হতে পারে।
-
জল পরিবর্তন: নিয়মিত বিরতিতে ফুলদানির জল বদলে নতুন করে সৈন্ধব লবণ মিশিয়ে ফুল সাজিয়ে রাখুন।
এই সহজ পদ্ধতি মেনে চললে শোয়ার ঘর বা বসার ফুলদানিতে রাখা রংবেরঙের টাটকা ফুল দীর্ঘ দিন আপনার ঘরের স্নিগ্ধতা ও সৌন্দর্য বজায় রাখবে।

