কোচবিহার: বঙ্গরাজনীতিতে ভোটের মরসুম মানেই জনসংযোগের অভিনব সব ছবি। সোমবার কোচবিহারে (Cooch Behar) দেখা গেল এক অনন্য দৃশ্য। নির্বাচনি প্রচারে বেরিয়ে ট্র্যাক্টর নিয়ে কৃষকের জমিতে হাল দিতে নেমে পড়লেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate Campaign) অভিজিৎ দে ভৌমিক।
সোমবার সকালে কোচবিহার-১ ব্লকের দক্ষিণ হাড়িভাঙ্গা এলাকার ১২৬ নম্বর বুথে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন অভিজিৎবাবু। প্রচার চলাকালীন তিনি দেখেন, স্থানীয় কৃষক সুকুমার রায় নিজের জমিতে কাজ করছেন। আর দেরি না করে সরাসরি জমিতে নেমে পড়েন প্রার্থী। সুকুমার বাবুর ট্র্যাক্টরের স্টিয়ারিং ধরে বেশ কিছুক্ষণ জমিতে হাল দেন তিনি। এরপর ফের জনসংযোগে যোগ দেন।
এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক বলেন, “আমরা তৃণমূলের (TMC) সৈনিকরা সারা বছর মানুষের পাশে থাকি। এদিন প্রচারে বের হয়ে কৃষককে সহযোগিতা করলাম।” তবে প্রার্থীর এই কাজকে স্রেফ ‘ভোটের নাটক’ বলে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, “সারাবছর দুর্নীতি আর সন্ত্রাসে ডুবে থেকে এখন ভোটের আগে এসব নাটক করে পার পাওয়া যাবে না। সাধারণ মানুষ সব বোঝেন, এই নাটক মানুষ কখনই মেনে নেবে না।” ভোটের লড়াইয়ে কে জিতবে তা বলবে সময়, তবে সোমবার প্রার্থীর এই ‘মাটির মানুষ’ সাজার চেষ্টা কোচবিহারের রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

