গঙ্গারামপুর: ভোটের ফল ঘোষণার দিনেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর (Gangarampur)। ধারালো অস্ত্র দিয়ে এক তৃণমূল নেতার মাথায় কোপ মারার অভিযোগ (TMC leader attacked) উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে (BJP)। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়।
আহত তৃণমূল নেতার নাম পরেশ বসাক। তিনি বেলবাড়ি (২) গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় তৃণমূল নেতা। স্থানীয় সূত্রে খবর, এদিন গণনার কাজ চলাকালীন বেশ কিছু যুবক পরেশের ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এরপরই রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।


তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এবিষয়ে গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস জানান, এই ধরনের ঘটনা কখনই অভিপ্রেত নয়।

