জামুড়িয়া: নির্বাচনী (WB Election 2026) লড়াইয়ে প্রতিপক্ষকে টেক্কা দিতে এবার রুপোলি পর্দার জনপ্রিয়তাকে হাতিয়ার করল ঘাসফুল শিবির। শনিবার জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের (Hareram Singh) সমর্থনে এক বর্ণাঢ্য রোড-শো করলেন বাংলা সিনেমার প্রথম সারির অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিক (Koel Mallick)।
এদিন কোয়েল মল্লিকের এই রোড-শো শুরু হয় মণ্ডলপুর ছোট বটতলা এলাকা থেকে। সেখান থেকে একটি হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী হরেরাম সিংকে নিয়ে জামুড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত যান অভিনেত্রী। প্রিয় তারকাকে চোখের দেখা দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখে আপ্লুত কোয়েল তাঁদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। প্রচার চলাকালীন কর্মীদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ও হরেরাম সিংয়ের নামে মুহুর্মুহু স্লোগান শোনা যায়। এদিন জামুড়িয়ার পাশাপাশি গোটা বাংলায় তৃণমূলকে জেতানোর ডাক দেন অভিনেত্রী।


প্রচার শেষে আত্মবিশ্বাসী হরেরাম সিং বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কোয়েল মল্লিক জামুড়িয়ায় এসেছেন। মানুষের এই অভূতপূর্ব উৎসাহ দেখে আমি নিশ্চিত যে, এখানে তৃণমূলের সাথে অন্য কোনো দলের প্রতিদ্বন্দ্বিতাই হবে না।” তিনি আরও দাবি করেন, জামুড়িয়ার ইতিহাসে আগে কখনো এমন জনজোয়ার দেখা যায়নি।
তৃণমূল সূত্রে খবর, কোয়েল মল্লিকের পর আগামীকাল অর্থাৎ রবিবার আসানসোলের সাংসদ তথা বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা হরেরাম সিংয়ের সমর্থনে নিংঘা এলাকায় একটি জনসভা করবেন। টলিউড ও বলিউডের এই জোড়া চমক জামুড়িয়ার ভোট সমীকরণে শাসকদলকে কতটা সুবিধা দেয়, সেটাই এখন দেখার।

