উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাজেটে (Budget 2026-2027) পশ্চিমবঙ্গের নাম একবারও উচ্চারণ না করা এবং রাজ্যের বিপুল বকেয়া টাকা আটকে রাখার প্রতিবাদে সোমবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদেরা (TMC MPs)। তৃণমূলের অভিযোগ, ১০০ দিনের কাজ (মনরেগা) ও আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখে বাংলার মানুষের সঙ্গে ‘বিমাতৃসুলভ’ আচরণ করছে মোদি সরকার (PM Narendra Modi)।
রাজ্যসভায় তৃণমূলের উপ-দলনেত্রী সাগরিকা ঘোষ জানান, বাজেটে বাংলাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে, সাংসদ মমতাবালা ঠাকুর কড়া ভাষায় বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই কেন্দ্র প্রতিহিংসার রাজনীতি করছে। সড়ক নির্মাণ ও গ্রামোন্নয়নের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।” তৃণমূলের দাবি, কেন্দ্রের এই একগুঁয়েমি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর চরম আঘাত।
বর্তমানে দিল্লিতে অবস্থানরত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে ‘মিথ্যার জঞ্জাল’ বলে কটাক্ষ করেছেন। তাঁর মতে, রাজনৈতিকভাবে লড়াইয়ে হার নিশ্চিত জেনেই বাংলাকে এই বঞ্চনা। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে ‘দিশাহীন ও লক্ষ্যহীন’ বলে সমালোচনা করেন। বকেয়া টাকা না মেটানো পর্যন্ত সংসদ থেকে রাজপথ— সর্বত্র আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে ঘাসফুল শিবির।

