মানিকগঞ্জ: তৃণমূল প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ (TMC Poster Torn) উঠল বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে জলপাইগুড়ি-হলদিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকরা। দীর্ঘ দেড় ঘণ্টার অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল (Road Blockade)। তবে শেষে পুলিশের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেলায় অবরোধ তুলে নেওয়া হয়৷
জানা গিয়েছে, জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে সোমবার সিপাইপাড়া বাজার থেকে বোধনি মোড় পর্যন্ত প্রায় ৫ কিমি রাস্তায় পোস্টার লাগানো হয়েছিল। মঙ্গলবার সকালে দেখা যায়, প্রতিটি পোস্টার ছিঁড়ে রাস্তার ওপর ফেলে দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, অন্যান্য দলের পতাকা-পোস্টার অক্ষত থাকলেও বেছে বেছে তাদের প্রার্থীর পোস্টারই নষ্ট করা হয়েছে। এতেই এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকগঞ্জ আউট পোস্টের পুলিশ। ইতিমধ্যেই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহের কাজ শুরু হয়েছে।


খারিজা বেরুবাড়ি-১ অঞ্চল কমিটির সভাপতি ধনঞ্জয় রায় অভিযোগ করে বলেন, ‘বিজেপি এলাকায় রাজনৈতিক অশান্তি তৈরি করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুলিশ ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছি।’ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি। এপ্রসঙ্গে দক্ষিণ মন্ডল বিজেপি সভাপতি সৌমেন রায় বলেন, ‘বিজেপি কখনও এমন কাজ করে না। তৃণমূলের প্রার্থী পছন্দ না হওয়া সহ নিজেদের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ হয়েছে।’

