উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। এই আবহে প্রথম দফার নির্বাচনের জন্য শনিবার ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC Star Campaigner List)। প্রত্যাশিতভাবেই তালিকার শীর্ষে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে এই তালিকায় বেশ কিছু নাম বর্তমান রাজনৈতিক সমীকরণে বিশেষ তাৎপর্য বহন করছে।
এবারের তালিকায় সবচেয়ে বড় চমক সদ্য সিপিএম ছেড়ে আসা তরুণ নেতা প্রতীক-উর রহমান (Pratik Ur Rahman)। কিছু মাস আগেই আমতলায় অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন এই বাম ছাত্রনেতা। যোগদানের দিনই তিনি জানিয়েছিলেন যে, কোনও পদ বা প্রার্থী হওয়ার মোহ তাঁর নেই, বরং দলের সাধারণ কর্মী হিসেবেই তিনি কাজ করতে চান। দল যে যুব সমাজের ওপর তাঁর প্রভাবকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তারকা প্রচারকের তালিকায় তাঁর নাম থাকাটাই তার সবথেকে বড় প্রমাণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতীকের মতো তরুণ ও শিক্ষিত মুখকে প্রচারের আলোয় এনে তৃণমূল আসলে শিক্ষিত যুব ভোটারদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছাতে চাইছে।


প্রতীকের পাশাপাশি নজর কেড়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নামটিও। জেল থেকে ফেরার পর ফের রাজনৈতিক ময়দানে স্বমহিমায় ফিরছেন তিনি। দক্ষ ভোট ‘ম্যানেজার’ হিসেবে তাঁর কৌশলের ওপর দল বরাবরই ভরসা রেখেছে। এবার তিনিই প্রথম দফার ভোটে নিজের জেলা বীরভূম ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রচারের ব্যাটন সামলাবেন। এছাড়া দলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সী থেকে শুরু করে সদ্য রাজ্যসভার সাংসদ হওয়া অভিনেত্রী কোয়েল মল্লিকও রয়েছেন এই তালিকায়। তৃণমূলের প্রায় সমস্ত সেলিব্রিটি জনপ্রতিনিধিদেরই এই ৪০ জনের তালিকায় রাখা হয়েছে।
Under the leadership of Smt. @MamataOfficial and the guidance of Shri @abhishekaitc, we are pleased to present the list of Star Campaigners of the All India Trinamool Congress for West Bengal (Phase I) in connection with the ensuing General Elections to the Legislative Assembly… pic.twitter.com/zuh5hzlwrH
— All India Trinamool Congress (@AITCofficial) April 4, 2026
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই তালিকা প্রকাশ করে প্রচারের রূপরেখা স্পষ্ট করে দিয়েছে শাসকদল। মমতা ও অভিষেকের জনসভাগুলির পাশাপাশি এই তারকা প্রচারকরা জেলায় জেলায় ঘুরে জনসংযোগ সারবেন। এখন দেখার, প্রথম দফার এই হাই-ভোল্টেজ প্রচারে ভোটারদের মন কতটা জয় করতে পারে শাসকদলের এই ‘স্টার’ ব্রিগেড।

