উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চুরির খবর তো অনেক শোনেন। কিন্তু কখনও শুনেছেন ভালোবাসার মানুষকে উপহার দিতে চুরি করতে হল ‘হৃদয়।’ না এ হৃদয় ‘হৃদপিণ্ড’ নয়, এ হৃদয় রাস্তায় লেখা ‘লাভ’ চিহ্ন দেওয়া হোর্ডিং। মানে ‘আই লাভ দার্জিলিং’, ‘আই লাভ দিঘা’ এমন হোর্ডিং। সেই হোর্ডিং থেকে ‘লাভ’ চিহ্ন চুরি করে নিল গেল স্বামী। শুধুমাত্র স্ত্রী-কে দেবে বলে। বড়দিনের রাতে এক ব্যতিক্রমী চুরির সাক্ষী থাকল বীরভূমের সিউড়ি (Suri)।
গতকাল অর্থাৎ ২৫ ডিসেম্বরের (X-Mas) রাতে বীরভূমের (Birbhum) সিউড়িতে আচমকাই পুলিশের চোখে পড়ে ‘আই লাভ সিউড়ি’ এই লেখা থেকে ‘লাভ’ চিহ্নটি উধাও। খোঁজ করতে গিয়ে দেখা যায়, ‘লাভ’ চিহ্নটি ভেঙে পড়ে রয়েছে রাস্তার পাশে। কিন্তু কার এত সাহস যে জনবহুল রাস্তা থেকে সেটি নিয়ে যায়? অবশেষে চোরের সন্ধান পেল পুলিশ। চোরের নাম বাপন বাদ্যকার। বাড়ি বীরভূমের মহম্মদবাজারে। সময় নষ্ট না করে তাঁকে নিয়ে সোজা থানায় গিয়ে উপস্থিত হল পুলিশকর্মীরা। তাঁর কাছে ঘটনার সত্যতা জানতে চাওয়া হলে কোনও ভণিতা না করে সে স্বীকার করে নেয়, ‘লাভ’ চিহ্নটি সেই চুরি করেছে। কিন্তু কেন করলেন এই কাজ? পুলিশ জানতে চাইলে সে বলে, ‘স্ত্রীকে একটু অন্যধরণের উপহার দেব বলে ওই হার্ট খুলে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মাঝপথে ভেঙে যায়। ওর জন্যই চুরি করেছিলাম। ও আমার জান। বড়দিনে আমার স্ত্রীকে আর উপহার দেওয়া হল না।’ এ কথা বলেই বাপন রীতিমত কান্নায় ভেঙে পড়ে।


এদিকে বাপনের চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়েন পুলিশ (Police) কর্মীরাও। তাঁর হাতে তুলে দেন একগুচ্ছ লাল গোলাপ। না তাঁর এমন কর্মকাণ্ডের জন্য নয়, সেই লাল গোলাপ ছিল তাঁর স্ত্রীর জন্য। লাল গোলাপ হাতে পেয়ে থানার বাইরে বেরিয়ে স্ত্রীকে সেই গোলাপ দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাপন বাদ্যকর। সঙ্গে প্রতিজ্ঞা করেন এমন কাজ আর কোনদিনই করবেন না। তবে সাক্ষী হিসেবে সেই মুহূর্তে যারা সেখানে উপস্থিত ছিলেন তাঁরা প্রত্যেকেই বললেন, এমন ভালোবাসা বর্তমানে বিরল।

