শিলিগুড়ি: বুধবার সকালে শিলিগুড়ি টাউন স্টেশনে (Siliguri Town Station) দার্জিলিংগামী টয় ট্রেনকে (Toy Train) কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। চলন্ত ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখে অগ্নিকাণ্ডের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ট্রেন থামিয়ে ইঞ্জিন ও কামরা আলাদা করে দেওয়া হয়।
প্রতিদিনের মতো এদিন সকালেও এনজেপি স্টেশন থেকে পর্যটক বোঝাই টয় ট্রেনটি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, টাউন স্টেশনে ঢোকার মুখেই একটি কামরা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। নিরাপত্তার খাতিরে কর্মীরা দ্রুত ইঞ্জিনটিকে কামরা থেকে বিচ্ছিন্ন করে কিছুটা এগিয়ে নিয়ে যান। ধোঁয়া দেখা দেওয়া কামরাটিতে সেই সময় চারজন যাত্রী ছিলেন, যাঁদের দ্রুত নিরাপদে সরিয়ে আনা হয়। সুরক্ষা নিশ্চিত করতে অগ্নিনির্বাপক যন্ত্রও ব্যবহার করা হয়।
প্রাথমিক ধোঁয়াশা কাটিয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বড় কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তবে ধোঁয়ার উৎস নিয়ে ধন্দ তৈরি হয়েছে। রেলের প্রাথমিক অনুমান, কামরার ভেতরে কেউ ধূমপান করায় এই ধোঁয়ার সৃষ্টি হতে পারে। বৈদ্যুতিক গোলযোগের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, “একটি কামরায় ধোঁয়া দেখা গিয়েছিল ঠিকই, তবে আগুন লাগেনি। মনে করা হচ্ছে এটি ‘ম্যান মেড’ ধোঁয়া। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
আতঙ্ক কাটিয়ে প্রায় দশ মিনিট পর ট্রেনটি পুনরায় দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ধোঁয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে যান্ত্রিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

