দার্জিলিংঃ পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শনিবার থেকে বাড়তি দুটি জয়রাইড টয়ট্রেন চালাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। গরমের তীব্রতা থেকে বাঁচতে দলে দলে পর্যটক পাহাড়ে ছুটছেন। দার্জিলিংয়ে বর্তমানে তিল ধারনের জায়গা নেই। প্রত্যেকটি হোটেল পর্যটকে ভরপুর। দার্জিলিং এবং ঘুমের মধ্যে আগামী ৩০ জুন পর্যন্ত ডিজেল ইঞ্জিন চালিত এই জয়রাইড ট্রেন চলবে বলে জানানো হয়েছে।
ডিএইচআর শনিবার থেকে অতিরিক্ত দুটি ডিজেল চালিত জয়রাইড ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ট্রেনটি বেলা ১১.২৫ মিনিটে দার্জিলিং থেকে রওনা হয়ে দুপুর ১২.১০ মিনিটে ঘুম স্টেশনে পৌঁছাবে। ঘুম থেকে ১২.৩০ মিনিটে রওনা হয়ে দুপুর ১টায় দার্জিলিংয়ে পৌছাবে। দ্বিতীয় জয়রাইডটি দুপুর ১.২৫ মিনিটে দার্জিলিং স্টেশন থেকে রওনা হয়ে ২.১০ মিনিটে ঘুমে পৌছাবে। ঘুম থেকে ২.৩৫ মিনিটে রওনা হয়ে ৩.০৫ মিনিটে দার্জিলিং ফিরবে। ট্রেনের ভাড়া আগের মতোই মাথা পিছু ১০০০ টাকা রাখা হয়েছে। প্রতিটি জয়রাইডে ৮৯ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে।

