উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উপনির্বাচনের (By Poll 2024) কারণে বন্ধ হল বড়মার মন্দির! সাত সকালে পুজো দিতে গিয়ে মন্দিরের দরজা বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়লেন ভক্তরা। তবে মন্দির বন্ধ থাকলেও ভেতরে দেখা মিলল নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দের (TMC Candidate Sanat Dey)। সাধারণ ভক্তদের জন্য মন্দির বন্ধ রেখে, প্রার্থীর জন্য পুজোর ব্যবস্থা? এমন দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন পুজো দিতে আসা মানুষেরা। চলল প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ।
আজ রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন। এই ৬ কেন্দ্রের মধ্যে রয়েছে নৈহাটিও (Naihati)। ভোটের জন্য এদি সকাল থেকেই বড়মার মন্দির বন্ধ রাখা হয়। তবুও বড়মার পুজো দিতে সকাল থেকে বহু মানুষ হাজির হন মন্দির চত্বরে। কিন্তু মন্দির বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভ চলাকালীন মন্দিরে ভেতরে দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে-কে। এই দৃশ্য দেখে ক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়ে। তারা প্রশ্ন করেন, সাধারণের জন্য মন্দির বন্ধ রেখে, প্রার্থীকে সেখানে কেন ঢুকতে দেওয়া হল? ভগবান কি তাঁর একার?


প্রার্থী মন্দির থেকে বেরোতেই তাঁকে দেখে আরও সুর চড়ান বিক্ষোভকারীরা। তাঁর গাড়ি ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। পরবর্তীতে পুলিশের (Police) হস্তক্ষেপে মন্দির ছেড়ে ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যান সনৎ দে।

