কোচবিহার: বিভিন্ন জায়গায় বিজেপির গোপন বৈঠকে দলীয় ‘গোয়েন্দা’ রাখার নির্দেশ দিলেন উদয়ন গুহ। সেখানে কী আলোচনা হচ্ছে তা ‘দাওয়াই’ দিয়ে বের করে নিয়ে আসার কথা বলে ফের বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহারের রবীন্দ্র ভবনে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে উদয়ন বলেন, ‘ওরা ঘর বন্ধ করে বিভিন্ন জায়গায় বৈঠক করছে। ঘরের পাশে গোয়েন্দা রাখতে হবে। কারা কারা যাচ্ছে, কী আলোচনা করছে সেই ছবি সংগ্রহ করতে হবে। পরে ওদের একটু দাওয়াই দিয়ে কী আলোচনা হচ্ছে সেটা বের করে আনতে হবে।’
উদয়নের ‘দাওয়াই’ তত্ত্ব প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। ভোটের আগে রাজনৈতিক অশান্তি ছড়াতেই উদয়ন উসকানিমূলক কথা বলছেন বলে বিজেপি অভিযোগ তুলেছে। দলের জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেছেন, ‘বিজেপির বৈঠক বিজেপি করবেই। উদয়নবাবুর গোয়েন্দা রাখা ও দাওয়াই দেওয়ার পলিসি এখানে কাজ করবে না।’ উদয়নের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ভাষণ রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ আগেও একাধিকবার উঠেছে। মঙ্গলবার দলের জেলা ও ব্লক নেতৃত্বকে পাশে বসিয়েই উদয়ন ‘দাওয়াই’ দেওয়ার কথাটি বলেছেন। বিধানসভা ভোট এগিয়ে আসছে। এসআইআর প্রক্রিয়াও চলছে। নির্বাচন কমিশনের কলকাঠিতেই এসআইআর প্রক্রিয়া ধীরে ধীরে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে উদয়ন অভিযোগ তোলেন এদিন। তিনি বলেন, ‘ভোটের মুখে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এপ্রিলের মধ্যে রাজ্যে ভোট না হলে রাষ্ট্রপতি শাসন হবে। এখন সেটাই করার চেষ্টা চালাচ্ছে ওরা। তারপর নিজেদের খুশিমতো ভোট করাবে ওরা।’ উদয়ন আরও বলেন, ‘আমাদের একইসঙ্গে এসআইআর ও ভোটের কাজ করতে হবে। ভোটের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।’
ভোটের প্রস্তুতির কথা বলতে গিয়ে পদ্মের বৈঠকে নিজেদের লোক ঢুকিয়ে খবর বের করে আনা এবং ‘দাওয়াই’ দেওয়ার মতো মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করলেন উদয়ন। বিধানসভা ভোটের সময় যতই এগিয়ে আসছে ততই জেলায় রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটছে। এদিনও কোচবিহার-১ ব্লকের একাধিক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করলেও বিজেপির বক্তব্য, এর পেছনে তৃণমূলের শীর্ষ নেতাদেরই উসকানি রয়েছে।

