উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টা থেকে সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে শুরু করেছেন (Union Budget 2026) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি সংসদে নবমবারের জন্য বাজেট উপস্থাপন করার কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাজেট অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপরই মাঘ পূর্ণিমার পুণ্যতিথি ও গুরু রামদাসের প্রতি সম্মান জানিয়ে বাজেট ভাষণ শুরু করেন নির্মলা। লোকসভায় উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরুতেই নির্মলা বলেন, ‘আমরা এখন অনেক কম আমদানি নির্ভর। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। মূল্যবৃদ্ধি রয়েছে নিয়ন্ত্রণে।’ এরপরই তিনি বলেন, ‘সাধারণ মানুষদের প্রত্যাশা পূরণ করতে হবে আমাদের। সকলের জন্য বিকাশ করতে হবে।’
এবারের বাজেটে কী কী উল্লেখ্যযোগ্য ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রইল সমস্ত আপডেট-
- ভারতকে বায়ো ফার্মার হাবে পরিণত করা হবে। ‘বায়োফার্মা শক্তি’ প্রকল্পে বরাদ্দ ১০ হাজার কোটি। ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
- ওডিশা, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাডুতে বিরল ধাতুর হাব তৈরি হবে। খনিতে জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- খাদি বস্ত্রের ব্যবসা বৃদ্ধির জন্য নয়া প্রকল্প চালু করার ঘোষণা নির্মলা সীতারামনের। এর নাম হবে মহাত্মা গান্ধি গ্রাম স্বরাজ প্রকল্প। খাদি শিল্পের উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত।
- ভারতের ‘সেমিকন্ডাক্টর মিশন ২.০’ সেমিকন্ডাক্টরের জন্য শিল্প-নেতৃত্বাধীন গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মনোনিবেশ করবে। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেমিকন্ডাক্টর মিশনের গতিকে পুঁজি করে ব্যয় করা হবে ৪০,০০০ কোটি টাকা। বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধা বা এআইয়ের ব্যবহার বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।
- বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ডানকুনিতে পণ্য পরিবহণের জন্য বিশেষ করিডর তৈরি হবে বলে জানালেন নির্মলা। একই করিডর তৈরি হবে সুরাটেও। সাটটি হাইস্পিড রেল করিডরও তৈরি করা হবে। এর মধ্যে রয়েছে বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল নেটওয়ার্কও।
- লোকসভায় অর্থমন্ত্রী জানালেন, ২০২৬-’২৭ আর্থিক বছরের বাজেট ঘাটতির পরিমাণ ৪.৪ শতাংশ।
- নির্মলা সীতারামন ঘোষণা করলেন যে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মূলধনী ব্যয় বাড়িয়ে ১২.২ লক্ষ কোটি টাকা করা হয়েছে।
- সরকার আগামী পাঁচ বছরে ২০টি নতুন জাতীয় জলপথ চালু করার পরিকল্পনা করেছে। জলপথের জন্য আঞ্চলিক উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করা হবে। অভ্যন্তরীণ জলপথের জন্য একটি জাহাজ মেরামত ইকোসিস্টেম বারাণসী এবং পাটনায় স্থাপন করা হবে।
- সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল। ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
- চাকরির উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বুঝতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হবে। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- নির্বাচনমুখী তামিলনাডুর জন্য আরও একটি বাড়তি সুবিধা। নির্মলা সীতারামন অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু সীমান্ত বরাবর পাখি দেখার জন্য বিশেষ ট্রেনের প্রস্তাব দিয়েছেন।
- নির্মলা সীতারামন কৃষকদের কার্যক্রম উন্নত করার জন্য একটি বহুভাষিক এআই টুলের কথা ঘোষণা করেছেন।
- সরকার বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা কাঠামো পর্যালোচনা করবে। কর্পোরেট বন্ড বাজারকে উৎসাহিত করার জন্য একটি মার্কেট-মেকিং কাঠামো চালু করবে সরকার।
- বিদেশিরা এখন সরাসরি ভারতীয় শেয়ার কিনতে পারবেন। ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে ইক্যুইটিতে বিনিয়োগ করার অনুমতি পাবেন বলে জানালেন নির্মলা।
- নারকেল চাষের উন্নতির জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
- সরকার একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন শিক্ষা থেকে কর্মসংস্থান বিষয়ক স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা করছে। এই কমিটি পরিষেবা খাতে প্রবৃদ্ধির সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসার জন্য ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার দেবে এবং পরিষেবা খাতের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো নতুন প্রযুক্তির প্রভাব পর্যালোচনা করবে।
- দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাবের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- তিনটি নতুন অল ইন্ডিয়া আয়ুর্বেদ ইন্টিটিউট তৈরি হবে। ঘোষণা নির্মলা সীতারামনের।
- ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে আগামী দশ বছরে ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজানোর জন্য ‘খেলো ইন্ডিয়া মিশন’ চালু করার প্রস্তাব করা হয়েছে।
- আগামী ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
- সামুদ্রিক খাবারের দাম কমবে। সস্তা হবে চামড়ার তৈরি পণ্যও।
- সোলার গ্লাস তৈরির জন্য ব্যবহৃত সোডিয়াম অ্যান্টিমোনেটের উপর কোনও শুল্ক আরোপ করা হবে না। ২০৩৫ সাল পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য আমদানিকৃত পণ্যের উপরও কোনও শুল্ক নেওয়া হবে না।
-
ক্যানসারের ১৭টি ওষুধের উপর কোনও শুল্ক আরোপ করা হবে না। ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। সেই সঙ্গে বিরল রোগের জন্য আরও ৭টি ওষুধকে আমদানি শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হবে।

